ছুটে চলছে বুলেট ট্রেন, ঘটছে ভয়ানক সব ঘটনা। আর সেই ট্রেনে ব্র্যাড পিটের সঙ্গে সওয়ার হলেন স্যান্ড্রা বুলক।
হলিউড দর্শকেরা জানেন পিটের নতুন ছবি হতে যাচ্ছে ‘বুলেট ট্রেন’। সেই পুরোনো খবরের সঙ্গে জেনে নিন, এতে যোগ দিলেন ‘স্পিড’-খ্যাত বুলক।
ছবিটি পরিচালনা করছেন জন উইক ও অটমিক ব্লন্ড-খ্যাত ডেভিড লিচ। আরও অভিনয় করছেন লেডি গাগা, জো কিং, অ্যারন টেইলর জনসন, ব্রায়ান টাই হেনরি, যাজি বিটজ, মাইকেল শ্যানন, লোগান লরম্যান, মাসি ওকা ও অ্যান্ড্রু কোজি।
নিজ নিজ মিশন নিয়ে একটি জাপানি বুলেট ট্রেনে পাঁচজন আততায়ী ওঠে পড়ে। কিন্তু এক সময় বোঝা যায়, তাদের কাজ পরস্পরের সঙ্গে জড়িত। তখনই শুরু হয় তুলকালাম কাণ্ড।
স্যান্ড্রা বুলকের অন্তর্ভুক্তির খবর প্রথম প্রকাশ করে ডেডলাইন। আর এটিই হতে যাচ্ছে ব্র্যাড পিটের সঙ্গে এ নায়িকার প্রথম ছবি। আর এ ছবির অন্যতম চমক। এর আগে ‘ওশানস ১১’ ফ্র্যাঞ্চাইজিতে অভিনয় করলেও একই ছবিতে ছিলেন না তারা।
অ্যাকশন ধারার ছবির জন্য পরিচিত নির্মাতা ডেভিড লিচ। যদিও তার সাম্প্রতিক নির্মাণের জন্য ‘হবস অ্যান্ড শ’ অনেকটাই হতাশ করেছে। আশা করা যায়, ‘বুলেট ট্রেন’ দিয়ে পুরোনো ফর্মে ফিরবেন তিনি।
গত নভেম্বরে ছবিটির দৃশ্যায়ন শুরু হয়েছে। তবে ‘বুলেট ট্রেন’ এখন কোন পর্যায়ে আছে পুরোপুরি স্পষ্ট নয়।
