দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় এলজিইডির রংপুরের সাবেক নির্বাহী প্রকৌশলী আখতার হোসেন ও সহকারী প্রকৌশলী কাওছার আলমের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে। রংপুরের জেলা ও দায়রা জজ মো. শাহেনুর এ আদেশ দেন। এর আগে তারা আদালতে আত্মসমর্পণ করেন।
মামলা সূত্রে জানা যায়, রংপুর এলজিইডির অধীনে প্রায় ৭ কোটি টাকা প্রাক্কলিত মূল্যের দুটি টেন্ডারে ঠিকাদারি প্রতিষ্ঠান রবিউল আলম বুলবুল সর্বনিম্ন দরপত্রদাতা বিবেচিত হওয়ার পরও শতকরা দুই ভাগ হারে ১৫ লাখ টাকা ঘুষ দাবি করে না পাওয়ায় অন্য একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদান করা হয়। এতে করে সরকারের ১ কোটি ২৬ লাখ টাকা ক্ষতি হয়েছে। এ ঘটনায় ঠিকাদার রবিউল ইসলাম আদালতে অভিযোগ দায়ের করলে বিজ্ঞ বিচারক মামলাটি তদন্ত করার জন্য দুদককে নির্দেশ দেয়। দুদক তদন্ত শেষে রংপুর এলজিইডির সাবেক নির্বাহী প্রকৌশলী আকতার হোসেন, সিনিয়র সহকারী প্রকৌশলী কাওছার আলম বর্তমানে ঢাকায় কর্মরতসহ চার আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।
