অর্ধ শতাধিক বছর আগে হারিয়ে যাওয়া মানিব্যাগ ফেরত পেয়েছেন এক মার্কিন নাগরিক। ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে এ ঘটনা ঘটেছে।
এনডিটিভি জানায়, ৫৩ বছর আগে মানিব্যাগটি হারিয়ে ফেলেন ৯১ বছর বয়সী পল গ্রিশাম। সেসময় মার্কিন নৌবাহিনীতে আবহাওয়াবিদ হিসেবে কাজ করতেন তিনি।
৩৮ বছর বয়সে কর্মসূত্রে অ্যান্টার্কটিকায় গিয়েছিলেন গ্রিশাম। সেসময় তার মানিব্যাগটি হারিয়ে যায়। তবে কীভাবে হারিয়ে যায় তা আর মনে নাই তার।
সম্প্রতি অপরিচিত কয়েকজন ব্যক্তি সঙ্গে যোগাযোগ করে ডাকযোগে তাকে পাঠিয়ে দেন মানিব্যাগটি।
এক মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গ্রিশাম বলেন, ‘আমি অবাক হয়ে গিয়েছি। ব্যাগটি আমাকে ফেরত দেওয়ার জন্য কয়েকজন মানুষ বেশ কষ্ট করে এটিকে খুঁজে বের করেছেন।’
ওই মানিব্যাগে নৌবাহিনীর পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্সসহ বেশ কিছু ব্যক্তিগত নথিপত্র ছিল। ২০১৪ সালে অ্যান্টার্কটিকার রস আইল্যান্ডের একটি ভবন ভেঙে ফেলার সময় মানিব্যাগটি খুঁজে পাওয়া যায়।
এরপর শুরু হয় পল বেঁচে আছেন কি না, সেই খোঁজ। পরে পলের বর্তমান ঠিকানা খুঁজে বের করে সেখানে পাঠিয়ে দেওয়া হয় মানিব্যাগটি।
