পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি হাইডেলবার্গসিমেন্ট তার সহযোগী দুই প্রতিষ্ঠান এমিরেটস সিমেন্ট বাংলাদেশ লিমিটেড এবং এমিরেটস পাওয়ার কোম্পানি লিমিটেডকে সম্পূর্ণ কিনে নেওয়ার জন্য হাইকোর্টে আবেদন করেছে। গত বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জকে হাইডেলবার্গসিমেন্ট এই তথ্য জানিয়েছে।
হাইকোর্ট হাইডেলবার্গসিমেন্টের এই আবেদনের বিষয়টি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) জানাতে বলেছে। গত বছরের ২২ অক্টোবর হাইডেলবার্গসিমেন্ট তাদের সহযোগী দুই প্রতিষ্ঠানকে কিনে নেওয়ার আগ্রহের কথা জানিয়েছিল।
২০১৯ অর্থবছরে কোম্পানিটি ১৮ কোটি ৬৬ লাখ টাকা লোকসান করে। কোনো লভ্যাংশও দেয়নি। পুঁজিবাজারে এ কোম্পানির ৫ কোটি ৬৫ লাখ ৩ হাজার ৫৯০টি শেয়ার আছে। এর মধ্যে ৬০ শতাংশ আছে পরিচালকদের হাতে। হাইডেলবার্গসিমেন্টের বর্তমান বাজার মূলধন ৯১৯ কোটি টাকা। কোম্পানির পরিশোধিত মূলধন ৫৬ কোটি ৫০ লাখ টাকা; রিজার্ভের পরিমাণ ৩৪৯ কোটি ৬৪ লাখ টাকা।
