বসুন্ধরা কিংসের বিপক্ষে গতকালের গুরুত্বপূর্ণ ম্যাচে অবিশ্বাস্যভাবে শেখ জামালের শেষ মুহূর্তের একটি গোল বাতিল করে দেন রেফারি জালালউদ্দিন। প্রতিবাদে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রেসবক্সে সংবাদ সম্মেলনে জালালের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন জামাল কোচ শফিকুল ইসলাম মানিক। একই সঙ্গে রেফারির শাস্তি দাবি করেন। ক্লাবটি কাল বাফুফের কাছে লিখিত অভিযোগ করেও প্রশ্নবিদ্ধ রেফারিং থেকে প্রতিকার দাবি করেছে।
৮৮ মিনিটে জোবের দেওয়া গোল বাতিলের সিদ্ধান্ত প্রসঙ্গে শফিকুল ইসলাম মানিক বলেন, ‘খোলা চোখে এবং ভিডিও ফুটেজে দেখেছি, আমি মনে করি এটা রেফারির কোনো ভুল সিদ্ধান্ত নয়। এটা তিনি ইচ্ছাকৃতভাবেই করেছেন। এমন সময় গোলটা বঞ্চিত করা হয়েছে, যখন আমাদের জয় নিশ্চিত ছিল। জোবে কোনো ফাউল করেনি। কিন্তু সেটা বাতিল করা হয়েছে। আমরা লিগ টেবিলের শীর্ষে যাওয়ার একটা চেষ্টা করছিলাম, সেটা থেকে আমাদের বঞ্চিত করা হয়েছে। সর্বশেষ ম্যাচেও দেখেছি আমাদের একজন খেলোয়াড়কে লালকার্ড দেখানো হয়েছিল। সবমিলিয়ে আমাদের কাছে এগুলো পক্ষপাতিত্ব মনে হচ্ছে। রেফারিরা আমাদের বিপক্ষে বাঁশি বাজাচ্ছে। লিগের লম্বা যাত্রায় এমনটা হতে থাকলে আমরা বেশিদূর এগুতে পারব না। সহকারী রেফারি কিন্তু গোলের চিন্তা করেই দৌড়ে চলে গেছেন। অথচ ফিল্ড রেফারি এমন একটা সিদ্ধান্ত দিয়েছেন। আমরা বাফুফের কাছে লিখিত অভিযোগ করছি। ম্যাচের ফল হয়তো পরিবর্তন করা সম্ভব নয়। তারপরও আমরা এর প্রতিকার চাই। যাতে অন্য কোনো দল বাজে রেফারিংয়ের শিকার না হয়।’
