বকশীগঞ্জে বিএসএফের গুলিতে অজ্ঞাত ব্যক্তি নিহত

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ০৬:৪৩ পিএম

জামালপুরে বকশীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে একজন নিহত হয়েছে। ভারতীয় সীমান্তের থ্রোংপাড়া এলাকার ১৫০ গজ ভেতরে ওই ব্যক্তি নিহত হন। তবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি বিজিবি ও বিএসএফ।

জামালপুর ৩৫ বিজিবি সূত্র জানায়, রোববার রাতে বাংলাদেশ সীমান্তের বকশীগঞ্জ উপজেলার সোমনাথপাড়া এলাকার বিপরীতে ভারতীয় সীমান্তের ভেতরে থ্রোংপাড়া এলাকায় বিএসএফের গুলিতে অজ্ঞাত ওই ব্যক্তি নিহত হন।

তারা জানান, সোমবার সকালে বিএসএফের কাছ থেকে খবর পেয়ে বিজিবি সীমান্তের কাঁটাতার এলাকায় যায়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসী এবং বকশীগঞ্জ থানা পুলিশ নিহত ওই ব্যক্তিকে শনাক্ত করতে পারেনি। পরে বিএসএফ তাদের নাগরিক হিসেবেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য মৃতদেহ নিয়ে যায়।

এ ছাড়া স্থানীয় কেউ নিখোঁজ রয়েছে এমন কোনো অভিযোগ কেউ জানায়নি এবং পুলিশের কাছেও কোনো ব্যক্তি নিখোঁজের তথ্য নেই।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট জানান, বিএসএফের কাছ থেকে এক ব্যক্তি নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে গিয়ে একজনের গুলিবিদ্ধ মরদেহ দেখতে পান। প্রথমে গুলিবিদ্ধ ব্যক্তিটি বাংলাদেশী কোনো নাগরিক মনে করা হলেও, সেই ব্যক্তির সঙ্গে কোনো কাগজ বা পরিচয়পত্র না থাকায় স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসী এবং আইনশৃঙ্খলা বাহিনী নিহতের কোনো পরিচয় শনাক্ত করতে পারেনি। নিহত ব্যক্তি বাংলাদেশী নাগরিক হিসেবে শনাক্ত না হওয়ায় পুলিশ ঘটনাস্থল থেকে চলে আসে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত