আগামী পাঁচ বছরে চট্টগ্রাম শহরকে একটি আদর্শ শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নবনির্বাচিত মেয়র রেজাউল করিম চৌধুরী।
তিনি বলেন, এই নগরীতে সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, পরিকল্পনা বিশেষজ্ঞসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ বাস করে। আমি সবার সঙ্গে পরামর্শ করতে চাই, মেধা কাজে লাগাতে চাই। চট্টগ্রামকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে চাই। কারণ, ব্যক্তির চিন্তা চেতনায় ভুল থাকতে পারে, তবে সামষ্টিক চিন্তায় ভুল হওয়ার সম্ভাবনা নেই। সফলতা এলে সবার, ব্যর্থ হলে এর দায়ভারও সবার। আমি সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।
সোমবার দুপুরে চসিক মেয়র হিসেবে দায়িত্বভার গ্রহণের আগে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি।
রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রাম শুধু মেয়রের নয়, সব নগরবাসীর। তাই এই চট্টগ্রাম সুন্দর ও নান্দনিকভাবে গড়ার জন্য আমার যেমন দায়িত্ব আছে, তেমনি নগরবাসীর প্রত্যেকের দায়িত্ব আছে। যে কারও পরামর্শ নিতে আমার কোনো সংকীর্ণতা নেই। আমি যে কারও পরামর্শ গ্রহণ করতে রাজি।
তিনি বলেন, সব ভেদাভেদ ভুলে আমরা যদি এগিয়ে যেতে পারি, সফলতা আসবেই। পঁঁাচ বছরের মধ্যে চট্টগ্রাম শহর হবে সারা দেশের মধ্যে একটি মডেল শহর। সেই সততা-সাহস আমার আছে। কারণ আমার কাছে অর্থবিত্তের কোনো মোহ নেই। অর্থবিত্ত কখনোই আমাকে আমার অর্ধশত বছরের রাজনৈতিক জীবনে নীতি-আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি।
রেজাউল করিম বলেন, আজকে চট্টগ্রাম সিটি করপোরেশন সুন্দর, ঝকঝকে একটি রাস্তা করল। করার পরে দেখা যায়, ওই রাস্তায় খোঁড়াখুঁড়ি আরম্ভ হয়ে গেল। তখনই জনদুর্ভোগ, জনভোগান্তি শুরু। জনগণ তখন মেয়রকে গালাগাল করে। এটি কেন হলো? এটি পরিকল্পনার অভাব ও সমন্বয়হীনতার কারণে হয়েছে। একটা কথা বারবার বলা হচ্ছে, সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাব। পরিষ্কারভাবে বলতে চাই, আমি সব সেবা সংস্থার সঙ্গে সমন্বয় করব। সমন্বয় করতেই হবে। এই সমন্বয়ের ক্ষেত্রে যারা গাফিলতি করবে, তাদের জবাবদিহি করতে হবে।
সবকিছুতে মেয়রকে দায়ী না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাস্তায় যানজট হলেও মেয়রের দোষ, কোনো কিছু হলেই মেয়রের দোষ, এভাবে ভাবলে হবে না। রাস্তায় যানজটের জন্য মেয়র দায়ী নন। মেয়রের কিছু সীমাবদ্ধতা আছে। এ শহর আপনার-আমার সবার।
রেজাউল করিম বলেন, জননেত্রী শেখ হাসিনা নিজ হাতে চট্টগ্রামের উন্নয়নভার নিয়েছেন। টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বঙ্গবন্ধু শিল্পনগর, কক্সবাজার পর্যন্ত রেললাইন নির্মাণ করা হচ্ছে। আমি জননেত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই। জনগণ জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ওপর আস্থা রেখেই চট্টগ্রাম সিটি নির্বাচনে নৌকাকে বিজয়ী করেছেন। প্রথমেই নগরীর মশা নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে উদ্যোগ নেব। নগরীর মানুষ শান্তি চায়। ১০০ দিনে সব রাস্তা হয়ে যাবে তা আবেগের কথা। নগরীর যান চলাচল উপযুক্ত করতে চেষ্টা করব।
সুধী সমাবেশ শেষে দুপুর সোয়া ২টার দিকে রেজাউল করিম চৌধুরী নগরীর বাটালিহিলের চসিকের অস্থায়ী নগরভবনে গিয়ে মেয়রের দায়িত্বভার গ্রহণ করেন।
