মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের আরও একটি দল গতকাল সোমবার নোয়াখালীর ভাসানচরে পৌঁছেছে। এই দলে থাকা রোহিঙ্গার সংখ্যা ২ হাজার ১৪ জন। কক্সবাজারের উখিয়া-টেকনাফের ক্যাম্প থেকে ৩৭টি বাসে গত রবিবার রাতে তারা চট্টগ্রাম পৌঁছায়। চট্টগ্রামে রাতযাপনের পর গতকাল সকালে নৌবাহিনীর পাঁচটি জাহাজ তাদের নিয়ে সমুদ্রপথে ভাসানচরের উদ্দেশে রওনা দেয়। বেলা ৩টার দিকে জাহাজগুলো ভাসানচরে পৌঁছে। এ নিয়ে ৮ হাজার ৭০২ রোহিঙ্গাকে ভাসানচর পাঠানো হলো।
চতুর্থ ধাপের প্রথম পর্বে ২ হাজার ১৪ রোহিঙ্গার ভাসানচরে পৌঁছার বিষয়টি নিশ্চিত করেছেন ভাসানচর আশ্রয়ণ প্রকল্পের দায়িত্বশীল কর্মকর্তারা। তারা জানান, দুই-এক দিনের মধ্যে রোহিঙ্গাদের আরও একটি দলকে ভাসানচরে আনা হবে।
এদিকে গতকাল দুপুর ও বিকেলে দুই দফায় ৮৮০ রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশে চট্টগ্রামে রওনা হয়। এ নিয়ে গত দুদিনে ২ হাজার ৮৯৪ রোহিঙ্গা চট্টগ্রামে গেছে। ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কমান্ডিং কর্মকর্তা ও পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক বলেন, ‘ভাসানচরে রোহিঙ্গা হস্তান্তরের চতুর্থ দফার দ্বিতীয় দিনের প্রথম অংশে গতকাল দুপুরে ১৩টি বাসে ৬৪৮ রোহিঙ্গা চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। বিকেল ৪টার দিকে সাতটি বাসে রওনা হয় আরও ২৩২ জন।’
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের কর্মকর্তারা জানান, গত বছর ৪ ডিসেম্বর প্রথম দফায় ১ হাজার ৬৪২, ২৯ ডিসেম্বর দ্বিতীয় দফায় ১ হাজার ৮০৪, ২৯ জানুয়ারি তৃতীয় দফার প্রথম ধাপে ১ হাজার ৭৭৮ ও ৩০ জানুয়ারি দ্বিতীয় ধাপে ১ হাজার ৪৬৪ জনকে ভাসানচরে স্থানান্তর করা হয়।
