রাজধানীর বনানীতে চালু হয়েছে আর্কেডিয়া আর্টস নামের নতুন আর্ট গ্যালারি। গতকাল মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে গ্যালারিটি পথচলা শুরু করেছে। সমসাময়িক বিভিন্ন শিল্প মাধ্যমের ৪৫ জন শিল্পীর শিল্পকর্ম দিয়ে সাজানো হয়েছে উদ্বোধনী প্রদর্শনী। জয়নুল আবেদীন, এস এম সুলতান, শাহাবুদ্দিন আহমেদ, রফিকুন নবী, আব্দুস শাকুর শাহ, আবুল বারক আলভী, হাশেম খান, মনিরুল ইসলাম, কাজী গিয়াস, কাইয়ুম চৌধুরী, কালিদাস কর্মকার, নিসার হোসেন, মোহাম্মদ ইউনুস, শিশির ভট্টাচার্য্য, ওয়াকিলুর রহমান, কনকচাঁপা চাকমা, নাসরিন বেগম, আইভি জামান, শেখ আফজাল, মোহাম্মদ ইকবাল, সাধনা ইকবাল, ইমরান হোসেন পিপলু, বিশ্বজিৎ গোস্বামী প্রমুখ শিল্পীদের শিল্পকর্ম স্থান পেয়েছে এই প্রদর্শনীতে।
গ্যালারি সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য গ্যালারিটি উন্মুক্ত থাকবে। তবে কোভিড-১৯ এর কারণে অ্যাপয়েন্ট ছাড়া গ্যালারি ভিজিট করা যাবে না। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের মাধ্যমে গ্যালারি পরিদর্শনের জন্য অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। ১৬ মার্চ শেষ হবে মাসব্যাপি এই প্রদর্শনী।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক শিল্পী নিসার হোসেন, শিল্পী কনকচাঁপা চাকমা, শিশির ভট্টাচার্য, মিসেস বাংলাদেশ মুনজারিন অবনী প্রমুখ।
