স্বদেশি পোর্তোর বিপক্ষে নামছেন রোনালদো

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ১২:০৭ এএম

ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্ম পর্তুগালের ফুনচাল শহরে। ২০০৩ সালে ইউরোপে পাড়ি জমানোর আগে দেশের মাটিতে একটি মৌসুমই পেশাদার লিগে খেলেছেন, স্পোর্টিং সিপির হয়ে। ২০০৩ সালে দেশ ছাড়ার পর পর্তুগিজ ক্লাবের বিপক্ষে ১২টি ম্যাচ খেলেছেন তিনি। যার সবশেষটি ২০১৬ সালে, রিয়াল মাদ্রিদের হয়ে তার সাবেক ক্লাব স্পোর্টিং সিপির বিপক্ষে। আজ আবার দেশের মাটিতে খেলতে নামছেন এই কিংবদন্তি। এবারের প্রতিপক্ষ পোর্তো। বাংলাদেশ সময় রাত ২টায় চ্যাম্পিয়নস লিগ প্রি-কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ খেলবে জুভেন্তাস।

১৯৯৬ সালে সবশেষ চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছিল জুভেন্তাস। এরপর পাঁচবার ফাইনালে গিয়েও শিরোপার স্বাদ পায়নি। গতবার প্রি-কোয়ার্টারেই লিও’র সঙ্গে অ্যাওয়ে গোলের কারণে হেরে বিদায় নিয়েছিল জুভেন্তাস। সিরি আ’তে নিজেদের সবশেষ ম্যাচে নাপোলির কাছে হেরেছে জুভেন্তাস। টানা নয়বারের লিগ জয়ীরা এবার একটু পিছিয়ে আছে। বর্তমানে আছে চার নম্বরে। তার আগে ইতালিয়ান কাপে ইন্তার মিলানের বিপক্ষে জুভেন্তাসের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। টানা দুই ম্যাচ জয়হীন আন্দ্রেয়া পিরলোর দল। কিন্তু চ্যাম্পিয়নস লিগে গ্রুপসেরা হয়েই শেষ ষোলোতে উঠেছে জুভরা। ছয় ম্যাচের একটিতে হেরেছিল তারা বার্সেলোনার কাছে নিজেদের মাটিতে। গ্রুপ পর্বের সব ম্যাচে রোনালদোকে না পেলেও তুরিনের বুড়িরা গোল দিয়েছে মোট ১৪টি।

অন্যদিকে পোর্তো প্রি-কোয়ার্টারে উঠেছে সি গ্রুপ থেকে রানার্সআপ হয়ে। তাদের গ্রুপে ছিল ম্যানচেস্টার সিটি। সিটির মাঠে হারলেও নিজেদের মাঠে পেপ গার্দিওলার দলকে রুখে দিয়েছিল (গোলশূন্য ড্র) দুইবারের চ্যাম্পিয়নস লিগ জয়ীরা। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে শেষ চার ম্যাচ ড্র করেছে পোর্তো। পর্তুগিজ লিগে তারা আছে দুই নম্বরে। শীর্ষে থাকা স্পোর্টিং সিপির চেয়ে পিছিয়ে ১০ পয়েন্টে।

পোর্তোর বিপক্ষে সপ্তমবার খেলতে যাওয়া রোনালদোকে আটকাতে আছেন পেপে। জাতীয় দল ছাড়াও রিয়াল মাদ্রিদে এক সময় রোনালদোর সতীর্থ ছিলেন এই ডিফেন্ডার। তাই তার  সম্পর্কে বেশ ভালো ধারণা আছে তার, ‘আমি জেতার আশা করছি। আমরা জানি ম্যাচটি খুব কঠিন হবে। জুভেন্তাসে বিশ্বমানের খেলোয়াড়রা আছেন। তাদের দলে আছেন বিশ্বের সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো। আমরা নিজেদের সেরাটাই দেব।’

পোর্তো দুইবার জিতেছে চ্যাম্পিয়নস লিগ। সবশেষ জিতেছিল ২০০৪ সালে। তখন দলটির কোচ ছিলেন হোসে মরিনহো। বর্তমানে জুভেন্তাসে খেলা ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো ২০১২-১৫-এ খেলেছেন পোর্তোতে। তিনি বলেছেন, ‘এ ধরনের ম্যাচে পোর্তো সব সময়ই কঠিন প্রতিপক্ষ। আমি সেখানে খেলেছি। আমি এবং সতীর্থরা এমন ম্যাচের জন্যই অপেক্ষা করতাম। এমন ম্যাচের জন্য বিশেষভাবে প্রস্তুতি নেওয়া হয়। তাই আমি বড় চ্যালেঞ্জের আশাই করছি।’ ২০০১ ও ২০১৭ সালে পোর্তোর সঙ্গে খেলেছিল জুভেন্তাস। চার ম্যাচের তিনটিতে জিতেছে তারা। একটি ছিল গোলশূন্য ড্র। সবশেষ ২০১৬-১৭ প্রি-কোয়ার্টারে দেখা হয়েছিল দল দুটির। দুই লেগ মিলে জুভেন্তাস জেতে ৩-০তে।

আজকে প্রি-কোয়ার্টারের আরেকটি খেলা সেভিয়া ও বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে। দুই দল এর আগে মুখোমুখি হয়েছিল ২০১০ সালের ইউরোপা লিগে। সেবার প্রথম লেগ ডর্টমুন্ডের মাঠে ১-০তে জিতেছিল সেভিয়া। সেভিয়ার মাঠে ম্যাচটি ছিল ২-২ গোলে ড্র। বর্তমান ফর্ম বিচার করলে এগিয়ে সেভিয়াই। লা লিগায় ৪৫ পয়েন্টে তারা আছে চার নম্বরে। কদিন আগে নিজেদের মাঠে কোপা দেল রে সেমির প্রথম লেগে বার্সেলোনাকে হারিয়েছে ২-০ গোলে। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ৯ ম্যাচে জিতেছে সেভিয়া। অপরদিকে ডর্টমুন্ড জার্মান লিগে ২১ ম্যাচের আটটিতে হেরেছে। সবশেষ দুই ম্যাচে হফেনহেইমের সঙ্গে ২-২ গোলে ড্র এবং ফ্রেইবুর্গের সঙ্গে ২-১ গোলে হেরেছে বরুশিয়া ডর্টমুন্ড।

এবার চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে সেভিয়া ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে ওঠে প্রি-কোয়ার্টারে, চেলসি ছিল শীর্ষে ১৪ পয়েন্টে। অপরদিকে ডর্টমুন্ড ১৩ পয়েন্টে শীর্ষে থেকে প্রি-কোয়ার্টারে পা দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত