দুর্দান্ত খেলে সেমিতে সেরেনা

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ১২:০৮ এএম

২৪তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা আর সেরেনা উইলিয়ামসের মধ্যে দু’ম্যাচের ব্যবধান শুধু। দ্বিতীয় বাছাই সিমোনা হালেপকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠেছেন তিনি। আগামীকাল প্রথম সেমিফাইনালে আমেরিকান বংশোদ্ভূত তৃতীয় বাছাই জাপানের নাওমি ওসাকার সঙ্গে খেলা সেরেনার। জিতলেই ফাইনাল। অষ্টম অস্ট্রেলিয়ান ওপেন জিতে কিংবদন্তির মার্গারেট কোর্টের পাশে বসার সুযোগ।

ওদিকে আলেকজান্ডার ভেরেভের বিপক্ষে জয় পেলেও আবারও সেট হারিয়েছেন পুরুষদের শীর্ষ বাছাই নোভাক জকোভিচ। প্রথম সেট টাইব্রেকারে হেরে যান তিনি। যদিও পরের সেট ৬-২, ৬-৪ গেমে জিতে ম্যাচে টিকে থাকলেও চতুর্থ সেটে গিয়ে আবার টাইব্রেকারে খেলতে হয়। যদিও শেষ পর্যন্ত রক্ষা পেয়েছেন এই সার্বিয়ান। সেমিফাইনালে তার প্রতিপক্ষ বুলগেরিয়ার গ্রেগর দিমিত্রভ।

মেলবোর্ন পার্কে গতকাল এবারের টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল শুরু হয় ওসাকার জয়ের মধ্য দিয়ে। মাত্র ৬৬ মিনিটে তাইওয়ানের সে সু-ওয়েকে ৬-২, ৬-২ গেমে উড়িয়ে দেন ২৩ বছর বয়সী ওসাকা।

২০১৯-এর উইম্বলডনে হালেপের সঙ্গে দেখা হয়েছিল সেরেনার। সে আসরে জয় পেয়েছিলেন হালেপ। তবে গতকাল পেরে ওঠেনি। অথচ সাম্প্রতিক সময়ের রেকর্ড অনুযায়ী বিশ্বের ১১ নম্বর বাছাই সেরেনার চেয়ে এগিয়ে ছিলেন এই রুমানীয়ই। কিন্তু কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে পাত্তাই পাননি। হেরেছেন সরাসরি সেটে। ৮২ মিনিটের এ লড়াইয়ে ৬-৩ ও ৬-৩ গেমে তাকে হারিয়ে নবমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠেছেন সেরেনা। দুর্দান্ত খেলা সেরেনা নিজের পারফরম্যান্সে বেশ খুশি, ‘আমার মনে হয় এই টুর্নামেন্টে এটাই আমার সেরা পারফরম্যান্স। বিশ্বের ২ নম্বর খেলোয়াড়ের বিপক্ষে লড়েছি, তাই আমি জানতাম আমাকে ভালো খেলতেই হবে। আমি এটা করতে পেরেছি। এবং আমি খুবই রোমাঞ্চিত।’

ওসাকার সঙ্গে ২০১৮ ইউএস ওপেনের ফাইনালের পর এই প্রথম মুখোমুখি হতে যাচ্ছেন সেরেনা। সেই ম্যাচে জিতে ওসাকা পেয়েছিলেন ক্যারিয়ারে প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্বাদ। এরপর আরও দুটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন এই জাপানি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত