প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। দেশে বিভিন্ন ধর্মের মানুষ মিলেমিশে বাস করছে। এখানে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালনে স্বাধীন। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উপলক্ষে সুপ্রিম কোর্টে আয়োজিত আলাদা অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। সরস্বতী পূজা উপলক্ষে সুপ্রিম কোর্টের প্রশাসনিক ভবনে অনুষ্ঠানের আয়োজন করে সুপ্রিম কোর্ট কর্মকর্তা-কর্মচারী পূজা উদযাপন পরিষদ। এ ছাড়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনেও পূজা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উভয় অনুষ্ঠানে অংশ নেন প্রধান বিচারপতি।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘এ দেশে হিন্দু ধর্মাবলম্বীরা উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আবহমানকাল ধরে সরস্বতী পূজা উদযাপন করে আসছে। শিক্ষা ও সংস্কৃতির দিক থেকেও এ উৎসবের তাৎপর্য অপরিসীম।’
তিনি বলেন, ‘ধর্ম আমাদের উদারতা, মানবিকতাবোধ, অসাম্প্রদায়িকতা ও সহিষ্ণুতার শিক্ষা দেয়। আবহমানকাল ধরে আমাদের এ দেশে বিভিন্ন জাতি, গোষ্ঠী ও ধর্মের মানুষ পারস্পরিক সহমর্মিতা, হৃদ্যতা ও মমত্ববোধের সঙ্গে মিলেমিশে বাস করছে। সব ধর্মের মিলিত সংস্কৃতি আমাদের বাঙালি সংস্কৃতি হিসেবে প্রতিষ্ঠিত। সুদীর্ঘকালের সাম্প্রদায়িক সম্প্রীতির সুমহান এই ঐতিহ্য আমাদের সবাইকে ধারণ করতে হবে।’
অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, হাইকোর্ট বিভাগের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন অংশ নেন।
