অস্ট্রেলিয়ার সংসদে সহকর্মীর হাতে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ এনেছেন এক নারী কর্মকর্তা। দুই বছর আগে প্রতিরক্ষামন্ত্রীর অফিসে তাকে ধর্ষণ করা হলেও গত সোমবার তিনি গণমাধ্যমে এটি প্রকাশ করেন। এ ঘটনায় গতকাল মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন ওই নারী কর্মকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।
ক্যানবেরায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মরিসন বলেছেন, ‘এটা হতে পারে না। আমি এর জন্য ক্ষমা চাই। আমি তরুণ নারী কর্মকর্তাদের সরকারি কর্মক্ষেত্রে যতদূর সম্ভব নিরাপত্তা নিশ্চিত করতে চাই।’
ওই নারী কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, ২০১৯ সালের মার্চে বর্তমান প্রতিরক্ষামন্ত্রী লিন্ডা রেনল্ডের অফিসে এক সহকর্মী তাকে ধর্ষণ করেন, যিনি ক্ষমতাসীন মরিসনের লিবারেল পার্টির জন্য কাজ করেন। পরে এপ্রিলে তার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দিলেও আনুষ্ঠানিক কোনো অভিযোগ গঠন করা হয়নি। চাকরি হারানোর ভয়ে এতদিন অভিযুক্ত ব্যক্তির নাম ও ঘটনাটি প্রকাশ করেননি তিনি।
ধর্ষণের ওই অভিযোগ বর্তমান সময়ে এসে যে প্রক্রিয়ায় পরিচালনা হচ্ছে তা সরকারি কর্মক্ষেত্রের সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
এদিকে পুলিশ দাবি করছে, ২০১৯ সালের এপ্রিলে ওই নারী কর্মকর্তা ঘটনাটি তাদেরকে জানালেও আনুষ্ঠানিক অভিযোগ দিতে রাজি হননি।
