আনোয়ারায় পুকুরে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৫৪ এএম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্রসৈকতের লুসাই পার্কের পুকুরে গোসল করতে নেমে মোহাম্মদ মারুফ (১৬) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মারুফ নোয়াখালী জেলার বাসিন্দা বলে জানা গেছে।

পারকি সৈকতের লুসাই পার্ক অ্যান্ড রিসোর্টের ব্যবস্থাপক মোহাম্মদ সোহেল জানান, মঙ্গলবার সকালে নগরীর দামপাড়া এলাকা থেকে বাসযোগে একটি পর্যটকের দল পারকি সৈকতে বেড়াতে আসে।

তাদের মধ্যে অনেকেই লুসাই পার্কের পুকুরে গোসল করতে নামেন। যার যার মতো করে সবাই উঠে আসলেও মারুফ নামে এক পর্যটকের খোঁজ না পেয়ে পুকুরে তল্লাশি চালানো হয়। পরে অজ্ঞান অবস্থায় পুকুর থেকে তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহত মারুফের বাবা হাসপাতালে এসে তাকে নিয়ে যান।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, পারকি সৈকতে পর্যটক নিহতের বিষয়ে থানায় কোনো অভিযোগ হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত