এমবাপ্পের হ্যাটট্রিকে বিধ্বস্ত বার্সেলোনা

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ০১:২২ পিএম

বার্সেলোনার মতো বড় ম্যাচে নেইমার নেই। পিএসজি সমর্থকদের একটু মন খারাপ তো থাকবেই। কিন্তু কিলিয়ান এমবাপ্পে আছেন না! ফরাসি তারকার দুরন্ত হ্যাটট্রিকে বার্সেলোনার মাঠে রীতিমতো দাপট দেখাল পিএসজি। তুলে নিল বড় জয়।

মঙ্গলবার ন্যু ক্যাম্পে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে বার্সেলোনাকে ৪-১ গোলে উড়িয়ে দেয় পিএসজি। যদিও লিওনেল মেসির গোলে প্রথমে লিড নিয়েছিল বার্সাই।

কিন্তু অল্প সময়ের মধ্যেই বদলে যায় দৃশ্যপট। নিজেদের ডেরায় যে এভাবে বিধ্বস্ত হতে হবে স্প্যানিশ জায়ান্টদের, সেটা আসলে ভাবনায় ছিল না কারো।

ফিরতি লেগে বড় জয় তুলে নিয়ে শেষ আটের টিকিট নিশ্চিত করার সুযোগ রয়েছে বার্সেলোনার সামনে। তবে সে জন্য কার্যত অসাধ্য সাধন করতে হবে মেসিদের। কেননা পিএসজিকে তাদের ঘরের মাঠে ৪ গোল দেওয়া নিতান্ত কঠিন কাজ। ১০ মার্চ অনুষ্ঠিত হবে ম্যাচটি।

এদিন ম্যাচের ২৭ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন মেসি। ৩২ মিনিটে এমবাপ্পের গোলে সমতা ফেরায় পিএসজি। প্রথমার্ধের খেলা শেষ হয় ১-১ সমতায়।

দ্বিতীয়ার্ধে একতরফা দাপট দেখা যায় পিএসজির। ৬৫ মিনিটে এমবাপ্পে নিজের দ্বিতীয় গোল করে লিড এনে দেন পিএসজিকে। ৭০ মিনিটে মইজ কিনের গোলে ৩-১ এগিয়ে যায় পিএসজি। ৮৬ মিনিটে বার্সেলোনার জালে বল জড়িয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন এমবাপ্পে।

অন্য ম্যাচে জার্মান ক্লাব লাইপজিগকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত