মোহাম্মদ নাজিম উদ্দিনের লেখা বেগ বাস্টার্ড সিরিজের কন্ট্রাক্ট উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ। ওয়েব সিরিজটি যৌথভাবে পরিচালনা করেছেন তানিম নূর ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। পলিটিক্যাল থ্রিলারধর্মী এ সিরিজের প্রথম সিজন হবে ছয় পর্বের। ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে প্রচারিত হবে এটি। একজন পুলিশ, সিরিয়াল খুনি ও আন্ডারওয়ার্ল্ডের এক ডনের ওপর ওয়েব সিরিজটির কাহিনী আবর্তিত হয়েছে। গত বছর ১ ডিসেম্বর সিরিজটির দৃশ্যধারণের কাজ শুরু হয়। টানা প্রায় এক মাস চলে শুটিং।
এদিকে শুভ ওয়েব সিরিজটির একটি পোস্টার প্রকাশ করেছেন ফেসবুকে। পোস্টারের ক্যাপশনে জানালেন, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর। শিগগিরই তাকে খুঁজে যাওয়া যাবে জি ফাইভে। তারকাবহুল সিরিজে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, আরিফিন শুভ, জাকিয়া বারী মম, ইরেশ যাকেরসহ অনেকে।
শুভ এখন মুম্বাইতে অবস্থান করছেন। সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীচিত্র ‘বঙ্গবন্ধুর’র শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এতে তিনি নাম-ভূমিকায় অভিনয় করছেন। জীবনীচিত্রটি পরিচালনা করছেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল।
