হঠাৎ টেস্ট ক্রিকেটকে বিদায় ডু প্লেসির

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ০১:০৭ এএম

কিছুদিন আগেই দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ১৯৯ রানের ইনিংস খেলেছিলেন। যদিও সদ্য শেষ হওয়া পাকিস্তান সফরে টেস্টে ব্যর্থ ছিলেন ফাফ ডু প্লেসি। তবে সেই ব্যর্থতার কারণে টেস্ট ক্রিকেট থেকে আচমকা অবসর নিয়েছেন সাবেক অধিনায়ক এমনটা নয়। অবসরের কারণ সীমিত ওভারের ক্রিকেটে বিশেষত টি-টোয়েন্টি ক্রিকেটে মনোনিবেশ করা।

৩৬ বছর বয়সী প্রোটিয়া ইনস্টাগ্রাম পোস্টে অবসরের কারণ ব্যাখ্যা করেছেন এভাবে, ‘গত এক বছর সবার জন্য খুব কঠিন সময় ছিল। তবে এই সময়ে আমি নানা বিষয়ে পরিষ্কার করে ভাবতে পেরেছি। আমি মনের দিক থেকে একদম পরিষ্কার এবং এটাই সঠিক সময় নতুন কোনো কিছুর দিকে এগিয়ে যাওয়ার। দেশের হয়ে তিন ফরম্যাটেই খেলা আমার জন্য অত্যন্ত গর্বের বিষয় ছিল। কিন্তু টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর সময় এসে গেছে। আমি এখন যত বেশি সম্ভব টি-টোয়েন্টি ক্রিকেটে মন দিতে চাই। সামনেই পরপর দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমি বিশ্বাস করি আমার এখনো দেশকে দেওয়ার আছে অনেক কিছু। এক দিনের ক্রিকেটও আমার পরিকল্পনায় রয়েছে, তবে আপাতত টি-টোয়েন্টি ক্রিকেটকেই গুরুত্ব দিতে চাই।’ সেই পোস্টে ডু প্লেসি আরও লিখেছেন, ‘১৫ বছর আগে কেউ যদি আমায় বলত, ৬৯টি টেস্ট খেলব দেশের হয়ে, তবে তা অবিশ্বাস্য মনে হতো।’ একটু দেরিতে ২৮ বছর বয়সে ২০১২ সালে টেস্ট অভিষিক্ত ডু প্লেসি লাল বলের ক্রিকেটে ৪০ গড়ে রান করেছেন ৪১৬৩। সেঞ্চুরি ১০টি, হাফসেঞ্চুরি ২১টি।

অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেকে সেঞ্চুরি দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন ডু প্লেসি। গত বছরের ডিসেম্বরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৯৯ রানই তার ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। দেশের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন। কিন্তু করোনার কারণে অস্ট্রেলিয়া সেই সিরিজ খেলতে যাচ্ছে না বলে এখনই অবসরের সিদ্ধান্ত জানালেন ডু প্লেসি।

এবি ডি ভিলিয়ার্সের পর ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকা টেস্ট দলের অধিনায়ক হন ডু প্লেসি। গত বছর ফেব্রুয়ারিতে নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর আগে ৩৬ টেস্টে অধিনায়কত্ব করেছেন। ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ ৩-১-এ হারের পর টেস্টে নেতৃত্ব ছাড়েন তিনি। তার অধিনায়কত্বে ১৮ জয় ও ১৫ হার দেখেছে দক্ষিণ আফ্রিকা। তবে ডু প্লেসির প্রথম ২৭ টেস্টে অধিনায়ক হিসেবে দলকে জিতিয়েছিলেন ১৭ ম্যাচে। এমন একজনের আচমকা টেস্ট ছেড়ে দেওয়া আফসোসের ব্যাপার। অক্টোবরে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে ডু প্লেসি বলেছেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি দেশকে টি-টোয়েন্টিতে আমার অনেক কিছু দেওয়ার আছে। তার মানে এই নয় যে ওয়ানডে ক্রিকেট পরিকল্পনায় নেই। শুধু এই সংক্ষিপ্ত সময়ে টি-টোয়েন্টিকে প্রাধান্য দিতে চাই। এ নিয়ে সিএসএর (দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড) সঙ্গে কথা বলব।’

দক্ষিণ আফ্রিকার হয়ে ১৪৩টি ওয়ানডে খেলেছেন ডু প্লেসি। ৪৭.৪৭ গড়ে ৫৫০৭ রান করেছেন। ১২ সেঞ্চুরির সঙ্গে আছে ৩৫ হাফসেঞ্চুরি। ৩০ টি-টোয়েন্টিতে ৩৫.৫৩ গড়ে ডু প্লেসি রান করেছেন ১৫২৮। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণেও একটি সেঞ্চুরি আর ১০টি হাফসেঞ্চুরি আছে তার।

অবসাদগ্রস্ত ডি কক ছুটিতে

এদিকে টানা খেলতে খেলতে অবসাদগ্রস্ত কুইন্টন ডি কক মানসিক স্বাস্থ্য বিরতিতে গেছেন। গত সপ্তাহে পাকিস্তানের কাছে ০-২-এ টেস্ট সিরিজ হেরে দেশে ফেরা ডি কক বলেছেন, গত মাসখানেক তিনি জৈব সুরক্ষা বলয়ের ধকল সইতে না পেরে হাঁপিয়ে উঠছিলেন। যার প্রভাব পড়েছে মাঠের খেলাতেও। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ডিরেক্টর গ্রায়েম স্মিথ সোমবার জানিয়েছিলেন, বোর্ডের চুক্তিতে থাকা সব ক্রিকেটারকে টি-টোয়েন্টি টুর্নামেন্ট ও পরে চার দিনের আসর খেলতে হবে। কিন্তু ডি কিক তাতে খেলতে পারবেন না বলে ছুটি নিয়েছেন কয়েক সপ্তাহ। তার সিদ্ধান্তের প্রতি সমর্থন জানাবে সিএসএ। পাকিস্তান সিরিজ চলাকালীন ডি কক বলেছিলেন, এরপর আর টেস্টে অধিনায়কত্ব করবেন না তিনি। তবে সংক্ষিপ্ত ফরম্যাটের ব্যাপারে তার কোনো আপত্তি নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত