জমি নিয়ে বিরোধে রূপগঞ্জে ২ পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, নারীসহ আহত ৬

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১০:১৫ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই প্রতিবেশীর জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের মাঝে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুপক্ষের নারীসহ ছয়জন গুরুতর আহত হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় আবারও রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভোলাব ইউনিয়নের চারিতালুক এলাকায় ঘটে এ ঘটনা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, চারিতালুক এলাকার মোশারফ হোসেনের সঙ্গে প্রতিবেশী বকুল মিয়ার ৯ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আর ওই জমি নিয়ে উভয়পক্ষ নারায়ণগঞ্জ আদালতে মামলাও করেছে।

সকালে ওই ৯ শতাংশ জমি দখলকে কেন্দ্র করে মোশারফ হোসেন ও বকুল মিয়ার বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের মোশারফ হোসেন, মানসুরা বেগম, জাহানারা বেগম, মাহমুদা বেগম, সোহেলা মিয়া ও সোহান মিয়া আহত হন। মোশারফ ও জাহানারার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা অর্থোপেডিকস হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বকুল মিয়া অভিযোগ করে বলেন, প্রতিপক্ষ মোশারফ হোসেনসহ তাদের লোকজন ৯ শতাংশ জমি দখল করতে গেলে আমি বাধা দিলে হামলা চালায় তারা। অন্যদিকে মোশারফের স্ত্রী মানসুরা বেগম পাল্টা অভিযোগ করে বলেন, আমাদের নিজস্ব জমিতে কাজ করতে গেলে বকুল মিয়াসহ তাদের লোকজন বাধা দেয়। পরে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।

এ ব্যাপারে ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মাহবুবুর রহমান বলেন, উভয়পক্ষের অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত