টাঙ্গাইলের মির্জাপুরে আমেরিকাপ্রবাসী সেই সহকারী শিক্ষিকা তানিয়া রহমান চাকরি থেকে ইস্তফা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার উপজেলা শিক্ষা অফিসার মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন। সংশ্লিষ্টরা জানান, গত বুধবার তানিয়া রহমানের ইস্তফাপত্রটি উপজেলা শিক্ষা অফিসে এসে পৌঁছে।
এর আগে গত সোমবার দেশ রূপান্তর অনলাইনে ‘চাকরি টাঙ্গাইলে থাকেন আমেরিকায়’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ওই দিনই তানিয়া রহমান চাকরি থেকে ইস্তফা দেন বলে জানা যায়।
উপজেলা শিক্ষা অফিস সূত্র জানায়, উপজেলা সদরের ২৬ নম্বর বাওয়ার কুমারজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তানিয়া রহমান। ২০১৯ সালের ৩ জুলাই থেকে ২ অক্টোবর পর্যন্ত ব্যক্তিগত সমস্যা দেখিয়ে স্কুল থেকে ছুটি নেন তিনি। এরপর ওই বছরের ২ জুলাই সপরিবারে আমেরিকায় চলে যান তানিয়া।
মির্জাপুর উপজেলা শিক্ষা অফিসার মো. আলমগীর হোসেন জানান, তিন মাসের ছুটি নিয়ে আমেরিকা চলে যান তানিয়া রহমান। দীর্ঘ দেড় বছর পর চাকরি থেকে ইস্তফা দিয়েছেন তিনি।
