সিদ্ধিরগঞ্জ থেকে আন্তঃজেলা স্বর্ণের দোকান লুটকারী ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। ডাকাতির প্রস্তুতিকালে গত বুধবার রাত সোয়া ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, ৪৪টি ককটেল, তিনটি চাপাতি, হাতুড়ি ও তরবারি।
গ্রেপ্তার ব্যক্তিরা হলো বাবুল হোসেন (৩২), মো. সেলিম (৩২), রিপন ভূঁইয়া (২৬), রবিউল ইসলাম (২৬), আবদুর রশিদ (৪৫), রফিকুল ইসলাম (৪০) ও জাবেদ হোসেন (২৯)।
সিদ্ধিরগঞ্জের আদমজীতে র্যাব-১১-এর সদর দপ্তরে গতকাল বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম এসব তথ্য নিশ্চিত করে বলেন, এ চক্রটি বড় বড় স্বর্ণের দোকান টার্গেট করে। তারা অতর্কিতে হামলা চালিয়ে, ককটেল বিস্ফোরণ ও অস্ত্র প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে লুটপাট করে মুহূর্তের মধ্যে পালিয়ে যায়।
