দেশে চিকিৎসাধীন করোনা রোগী ৪৪ হাজার

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ০৩:৪৮ এএম

দেশে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪৪ হাজার। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত দেশে ৫ লাখ ৪২ হাজার ২৬৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৪ লাখ ৮৯ হাজার ৯৩২ জন ইতিমধ্যে সুস্থ হয়ে গেছে। আর মারা গেছে ৮ হাজার ৩২৯ জন। সুস্থ ও মৃত্যু বাদ দিয়ে বর্তমানে বিভিন্ন হাসপাতাল বা বাসায় চিকিৎসাধীন আছে ৪৪ হাজার ৭ জন রোগী। শতকরা হিসেবে দেশে শনাক্ত রোগীর ৯০ দশমিক ৩৫ শতাংশ সুস্থ হয়েছে এবং মারা গেছে ১ দশমিক ৫৩ শতাংশ। বাকি ৮ শতাংশের সামান্য বেশি রোগী বর্তমানে সক্রিয় বা চিকিৎসাধীন আছে। গত বছর ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। গতকাল ছিল প্রথম শনাক্তের পর ৩৪৭তম দিন। গত ২০ ডিসেম্বর শনাক্ত রোগী ৫ লাখ ছাড়ায়।

এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৯১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে বলে অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়। এদিন সাড়ে ১৪ হাজারের বেশি নমুনা পরীক্ষায় ২ দশমিক ৬৮ শতাংশ হারে রোগী শনাক্ত হয়। শনাক্তের এই হার আগের দিনের প্রায় সমান। এ ছাড়া এদিন আরও ১৫ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে, যা আগের দিনের চেয়ে একজন কম। এদিন মৃতদের মধ্যে ১১ জন ঢাকা বিভাগের বাসিন্দা এবং ১৩ জনের বয়স ছিল পঞ্চাশোর্ধ্ব। অন্যদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৬৭৮ জন করোনা রোগী সুস্থ হয়েছে।

অধিদপ্তরের গতকালের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ২১৪ পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে ২৯টি জিন-এক্সপার্ট, ৬৮টি র‌্যাপিড অ্যান্টিজেন ও ১১৭টি আরটি-পিসিআর পরীক্ষাগার। এসব পরীক্ষাগারে সর্বশেষ ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ১৪ হাজার ৭৪২ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১৪ হাজার ৬০৩ জনের নমুনা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে গতকাল পর্যন্ত ৩৯ লাখ ৮ হাজার ২৫৭টি নমুনা পরীক্ষায় ৫ লাখ ৪২ হাজার ২৬৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। গড় শনাক্তের হার ১৩ দশমিক ৮৭ শতাংশ। শনাক্তদের মধ্যে এখন পর্যন্ত মৃত্যুহার ১ দশমিক ৫৩ এবং সুস্থতার হার ৯০ দশমিক ৩৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ১২ ও নারী ৩ জন। এ নিয়ে দেশে করোনায় এ পর্যন্ত ৬ হাজার ৩০৫ পুরুষ ও ২ হাজার ২৪ জন নারী মৃত্যুবরণ করেছে। শতকরা হিসাবে পুরুষ ৭৫ দশমিক ৭০ ও নারী ২৪ দশমিক ৩০ শতাংশ।

শেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১১ জন মারা গেছে ঢাকা বিভাগে। বাকিদের মধ্যে চট্টগ্রামে দুজন এবং রাজশাহী ও রংপুরে একজন করে মারা গেছে। এ নিয়ে করোনায় সর্বোচ্চ ৪ হাজার ৬৫৪ জন মারা গেল ঢাকা বিভাগে। এছাড়া চট্টগ্রামে ১ হাজার ৫২৩, খুলনায় ৫৫৮, রাজশাহীতে ৪৭৫, রংপুরে ৩৬২, সিলেটে ৩১০, বরিশালে ২৫১ এবং ময়মনসিংহে সর্বনি¤œ ১৯৬ রোগী মারা গেছে। সর্বশেষ মৃতদের মধ্যে ষাটোর্ধ্ব নয়, ৫১-৬০ বছরের চার, ৪১-৫০ বছরের এক এবং ১১-২০ বছরের ছিল একজন। এদিন সবাই হাসপাতালে মারা গেছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৪৩ রোগীকে আইসোলেশনে এবং ৩১৫ জনকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। বর্তমানে আইসোলেশনে ৯ হাজার ৯৪৪ এবং কোয়ারেন্টাইনে আছে ৩১ হাজার ৫৪ জন। সারা দেশে কভিড ডেডিকেটেড হাসপাতালগুলোতে ১০ হাজার ৩২৩টি সাধারণ বেডের মধ্যে গতকাল রোগী ভর্তি ছিল ১ হাজার ৩৪৬টিতে। বাকিগুলো খালি ছিল। এ ছাড়া ৫৮২টি আইসিইউর মধ্যে রোগী ভর্তি ছিল ১৫০টিতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত