জাতীয় প্রেস ক্লাবে তথ্যমন্ত্রী

বাংলাকে রাষ্ট্রভাষা করার পেছনে বঙ্গবন্ধুর ভূমিকা ছিল

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ০৪:২৮ এএম

বাংলাকে রাষ্ট্রভাষা করার পেছনে বঙ্গবন্ধুর ভূমিকা ছিল বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘দেশ ভাগের আগে পাকিস্তানের রাজনীতিবিদরা যখন উর্দুকে রাষ্ট্রভাষা করার জন্য পাঁয়তারা করছিলেন তখনই বঙ্গবন্ধু বাংলাকে রাষ্ট্রভাষা করার কথা বলেছেন।’ গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাব ‘ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘ভাষা আন্দোলন সংঘটিত করার অপরাধে শেখ মুজিবুর রহমানকে ১৯৪৯ সালে গ্রেপ্তার করা হয়। একটানা বায়ান্ন সাল পর্যন্ত তিনি কারাগারে ছিলেন। কারাগারে থাকাকালে তিনি কিন্তু বসে ছিলেন না। সেখানে বসে তিনি ভাষা আন্দোলন করার ক্ষেত্রে দিকনির্দেশনা দিয়েছেন। এমনকি তিনি জেলখানায় অনশন করেছেন। ফরিদপুরের জেলখানায় বসে ভাষা আন্দোলনের জন্য যে অন্যায় করা হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে সেগুলোর প্রতিবাদে তিনি অনশন করেছে। এ বিষয়গুলো আগে জনসম্মুখে প্রকাশিত হয়নি।’

বঙ্গবন্ধু পাকিস্তান সৃষ্টির পর পরই বাংলাদেশের স্বাধীনতার কথা চিন্তা করেছিলেন উল্লেখ করে তিনি আরও বলেন, ‘রাষ্ট্রীয়ভাবে একুশে ফেব্রুয়ারি পালন করা ১৯৫৬ সালে শুরু হয়। শহীদ মিনার সরকারিভাবে নির্মাণ করা এবং সেটি পৃষ্ঠপোষকতা করা এটিও ’৫৬ সালে আওয়ামী লীগ হোসেন শহীদ সোহরাওয়ার্দী নেতৃত্বে সরকার গঠন করার পর শুরু হয়। তার আগে কিন্তু সেটি হয়নি। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা এবং এখন যে সিক্রেট ডকুমেন্টসগুলো বের হচ্ছে সেগুলো যদি কেউ পড়ে তাহলে বুঝতে পারবে, বঙ্গবন্ধু পাকিস্তান সৃষ্টির পর পরই বাংলাদেশের স্বাধীনতার কথা চিন্তা করেছিলেন।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সভাপতি শামসুজ্জামান খান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. বিশ্বজিৎ ঘোষ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন প্রমুখ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত