নম্বর কম দেওয়ার অভিযোগ

পরীক্ষা কার্যক্রম থেকে শিক্ষক মৌটুসীকে অব্যাহতি

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ০৪:৩৪ এএম

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) উদ্দেশ্যপ্রণোদিতভাবে শিক্ষার্থীদের নম্বর কম দেওয়ার অভিযোগে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মৌটুসী রায়কে পরীক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গত বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ৭৬তম সিন্ডিকেট সভায় সহকারী অধ্যাপক মৌটুসী রায়কে পরীক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি বিভাগের কোনো পরীক্ষা-সংক্রান্ত বিষয়ে যোগ দিতে পারবেন না।

গত ৮ ফেব্রুয়ারি ইংরেজি বিভাগের ২০১৪-১৫ সেশনের চতুর্থ বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ৪০২ নম্বর কোর্সের ‘ট্রান্সলেনস স্টাডিজ’ বিষয়ে ৫০ নম্বরের কন্টিনিয়াস ফলাফল প্রকাশ করেন মৌটুসী রায়। রাতেই ওই ব্যাচের শিক্ষার্থীরা তার বিরুদ্ধে কম নম্বর দেওয়ার অভিযোগ তুলে ‘গণআত্মহত্যার’ হুমকি দেন।

এ ঘটনায় ইতিহাস ও প্রতœতত্ত্ব বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক গোলাম রাব্বানীকে আহ্বায়ক, ট্রেজারার অধ্যাপক ড. হাসিবুর রশিদ ও রসায়ন বিভাগের প্রধান তানিয়া তোফাজকে সদস্য করে তিন সদস্যের তদন্ত কমিটি করে অ্যাকাডেমিক কাউন্সিল। এ কমিটির সুপারিশের ভিত্তিতে কোর্স শিক্ষক মৌটুসী রায়কে অব্যাহতি দেওয়া হলো।

এ বিষয়ে মৌটুসী রায় বলেন, ‘অব্যাহতির চিঠি পেয়েছি। কিন্তু এতে আমার বিরুদ্ধে করা অভিযোগগুলো প্রমাণিত কিনা তা উল্লেখ নেই। তারা কীসের ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছে, আমি জানি না। খাতাগুলো পুনঃমূল্যায়ন দূরে থাক, তদন্ত কমিটির কেউ আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করেনি, কোনো চিঠিও দেইনি। তবে তারা আমাকে ফোন দিয়ে কথা বলেছে। এর বাইরে আর কিছুই হয়নি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত