সাতক্ষীরায় নৌকাডুবির ঘটনায় আরেক শ্রমিকের মরদেহ উদ্ধার

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ০৩:৩৮ পিএম

সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগরে নৌকডুবিতে নিখোঁজ তিন শ্রমিকের মধ্যে দ্বিতীয় শ্রমিকের মরদেহ উদ্ধার হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন অপরজন।

শুক্রবার দুপুর ২টার দিকে কোস্টগার্ডের সৈনিকদের অভিযানে এই শ্রমিকের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।

কুড়িকাহনিয়া ক্লোজারে নৌকাডুবির ঘটনার দ্বিতীয় শ্রমিক শফিকুলের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জাকির হোসেন জানান।

তিনি বলেন, মরদেহটি নৌকাডুবির স্থানের একটু দূর থেকে উদ্ধার করে কোস্টগার্ড।

শফিকুল সানা (৫০) শ্রীউলা ইউনিয়নের বকচর গ্রামের ফজলে সানার ছেলে।

বৃহস্পতিবার বাবর আলী সরদারের মরদেহ উদ্ধার হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অভিযানে।

ওই দুর্ঘটনায় নিখোঁজ আবদুল আজিজের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার সকাল ৬টার দিকে আশাশুনির প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহনিয়া লঞ্চঘাট থেকে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত ভাঙা নামকস্থানে বালি ভর্তির জন্য খালি বস্তা ও শ্রমিকদের নিয়ে যাওয়ার সময় ১৫ জন শ্রমিকসহ একটি ইঞ্জিন চালিত নৌকা প্রবল স্রোতে পড়ে উল্টে যায়। কিছুক্ষণ পরে মাঝিসহ উদ্ধার হয় ১২ জনকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত