রংপুরে পাথরবাহী ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বিকালে নগরীর মডার্ন মোড় সংলগ্ন ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ৩টার দিকে রংপুর থেকে আসা একটি পাথরবাহী ট্রাক মুখোমুখি ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী ছিটকে পড়েন। সঙ্গে সঙ্গে মোটরসাইকেলের চালক ও অপর আরোহী মারা যান। এলাকার লোকজন ঘাতক ট্রাকের চালক আনসার আলীকে আটক করে। পরে তাজহাট থানা পুলিশ এসে লাশ দুটি উদ্ধার ও চালককে আটক করে নিয়ে যায়। নিহত দুই যুবকের নাম সোহেল ও শিমুল। তাদের বাড়ি রংপুর সদরের দর্শনা এলাকায় বলে জানিয়েছে পুলিশ।
রংপুর মেট্টোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে দেশ রূপান্তরকে বলেন, ঘটনাস্থলেই শিমুল ও সোহেল নামে দু’জনের মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক ট্রাক ও এর চালক আনছার আলীকে (৫৫) আটক করেছে পুলিশ।
