মেঘনায় দুই পক্ষের সংঘর্ষে গৃহবধূ নিহত

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ১০:৪২ পিএম

কুমিল্লার মেঘনা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নাজমা (৫৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার ভাওরখোলা ইউনিয়নের ভাওয়ারখোলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নাজমা আক্তার একই গ্রামের আব্দুস সালামের স্ত্রী।

মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার (কমিউনিটি ক্লিনিক) মো. সাইফুল ইসলাম নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের স্বামী আব্দুস সালাম (৬০) ও আলাউদ্দিনের ছেলে ফারুককে (৪৫) আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

জানা যায়, ভাওরখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ফারুক আব্বাসীর সঙ্গে একই গ্রামের স্বেচ্ছাসেবক লীগ নেতা সিরাজ মিয়ার দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। গত ইউপি নির্বাচনের পর থেকে দীর্ঘদিন এলাকায় আসতে পারেনি সিরাজ মিয়া। শুক্রবার তার বড় ভাই আব্দুস সালামের মেয়ের বিয়েতে ভাওরখোলা নিজ গ্রামে আসেন। খবর পেয়ে ফারুক আব্বাসীর লোকজন তার ওপর হামলা চালায়। হামলায় ঘটনাস্থলেই তার ভাই আব্দুস সালামের স্ত্রী নাজমা আক্তার নিহত হন।

ফারুক আব্বাসী দেশ রূপান্তরকে বলেন, সন্ধ্যায় অপরিচিত কিছু লোক হামলা করে আমার ওপর। আমি চিকিৎসার জন্য ডাক্তারের চেম্বারে চলে এসেছি, এরপর এলাকার লোকজন কি করেছে আমি আর কিছুই জানি না।

মেঘনা থানার ওসি আব্দুল মজিদ জানান, নিহতের মরদেহ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ঘটনার পর  থেকে এলাকায় অভিযান চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত