মাদারীপুরে গরুচোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে সদর উপজেলার চরমুগরিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলো সদর উপজেলার হজিরহাওলা গ্রামের তুহিন চোকদার, মেহেদি হাসান ও সাইফুল কাজী, আসিফ হাওলাদার, রোমান বেপারি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকালে চরমুগরিয়া এলাকা থেকে গরু চুরি শেষে ট্রাকে করে পালিয়ে যাচ্ছিল চোরচক্র। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে ট্রাকটির গতিরোধ করে তুহিন চোকদার, মেহেদি হাসান ও সাইফুল কাজী নামে তিনজনকে আটক করে।
তারা চুরি হওয়া দুটি গরু উদ্ধার ও ট্রাকটি জব্দ করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে আটক তিনজনকে গাড়িতে তুলে থানার উদ্দেশে রওনা দেয়। এ সময় আসিফ হাওলাদার, রোমান বেপারি ও রানা বেপারি নামে তিন যুবক বাধা দেয় এবং তাদের ছেড়ে দিতে সুপারিশ করে। একপর্যায়ে ওই তিনজনকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে তাদের মধ্যে দুজনকে গ্রেপ্তার দেখিয়ে রানা বেপারিকে ছেড়ে দেওয়া হয়।
