মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গতকাল শুক্রবার দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ ফেব্রুয়ারি রবিবার ভোর ৬টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন। একই সময়ে কালো ব্যাজ সহকারে বলাকা সিনেমা হলের সামনে দলীয় নেতাকর্মীদের জমায়েত এবং আজিমপুর কবরস্থানে ভাষাশহীদদের মাজার জিয়ারত শেষে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে যাত্রা ও শহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন। এছাড়া বেলা ৩টায় ভার্চুয়াল আলোচনা সভা হবে। বিএনপির জ্যেষ্ঠ নেতারাসহ দেশবরেণ্য বুদ্ধিজীবী ও ভাষাসৈনিকরা ওই আলোচনায় অংশগ্রহণ করবেন।
এতে আরও জানানো হয়, দিবসটি উপলক্ষে সারা দেশে দলের জেলা, মহানগর, উপজেলা, থানা ও বিভিন্ন ইউনিট কার্যালয়ে ভোর ৬টায় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন এবং স্থানীয় শহীদ মিনারে ভাষাশহীদদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন। ওইদিন দেশব্যাপী দলের বিভিন্ন ইউনিট স্থানীয় ব্যবস্থানুযায়ী ভাষাশহীদদের স্মরণে আলোচনা সভা করবে।
