সরকার পতনের ভাবনা বিএনপির আকাশকুসুম কল্পনা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তবে দিনক্ষণ ঠিক করে সরকার পতনের ঘোষণা বিএনপির নতুন কোনো দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ কিনা, সেজন্য জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার নিজের সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ আহ্বান জানান।
এক বছরের মধ্যে সরকার পতনের ভাবনা বিএনপির আকাশকুসুম কল্পনা মন্তব্য করে তিনি বলেন, তারা জন্মলগ্ন থেকেই ষড়যন্ত্রের রাজনীতি করে আসছে। জনবিরোধী কর্মসূচির কারণে জনগণ বিএনপিকে অনেক আগেই লালকার্ড দেখিয়েছে।
সরকার পতনের সাইরেন বেজে গেছে- বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার গ্লানি ঢাকতে বিএনপি নেতাদের এটি আত্মতুষ্টি লাভের অপচেষ্টা মাত্র।
তিনি বলেন, কর্মীদের রোষানল থেকে বাঁচতে এবং পদ-পদবি ধরে রাখতে বিএনপির কিছু কিছু ফরমায়েশি নেতা ধান ভানতে শিবের গীত গেয়ে যাচ্ছেন।
ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের শেকড় মাটির অনেক গভীরে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি জনমানুষের আস্থা ইস্পাত কঠিন। শেখ হাসিনা সরকার ঠুনকো কোনো জিনিস নয় যে ধাক্কা লাগলেই পড়ে যাবে।
বিএনপির রাজনীতি বৈপরীত্যে ভরা দাবি করে তিনি বলেন, তাদের কোনো কোনো নেতার মস্তিষ্ক অপপ্রচার আর গুজব তৈরির উর্বর কারখানা।
