দক্ষিণ চীন সাগরে নিজেদের উপস্থিতি বাড়াতে দুটি যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ফ্রান্স। চীন বিরোধিতায় আঞ্চলিক উদ্যোগ কোয়াডের প্রতি আগ্রহ বাড়া থেকেই এ অঞ্চলে ফ্রান্স তাদের উপস্থিতি বাড়াচ্ছে বলে জানিয়েছে এএফপি।
সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে ফরাসি নৌবাহিনীকে উদ্ধৃত করে বলা হয়েছে, গত বৃহস্পতিবার তুলন বন্দর থেকে যুদ্ধজাহাজ টনেরে ও ফ্রিগেট সারকউফ রওনা দিয়েছে। তিন মাসের মিশনে প্রশান্ত মহাসাগরে অবস্থান করবে সামরিক নৌযান দুটি।
নেভাল নিউজ ওয়েবসাইটের খবরে বলা হয়েছে, নৌযান দুটি দু’বার দক্ষিণ চীন সাগর পাড়ি দেবে। মে মাসে জাপান ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সঙ্গে একটি মহড়াতেও অংশ নেবে।
টনেরের কমান্ডিং অফিসার ক্যাপ্টেন আর্নাউদ জানান, ফরাসি নৌবাহিনী যুক্তরাষ্ট্র, জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার কোয়াডের সঙ্গে অংশীদারিত্ব শক্তিশালী করতে কাজ করবে। তাইওয়ান প্রণালী পাড়ি দেওয়ার পরিকল্পনা রয়েছে কি-না জানতে চাইলে তিনি জানান, এখনো ওই এলাকায় আমাদের যাওয়ার পরিকল্পনা করা হয়নি। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দক্ষিণ চীন সাগর দিয়ে প্রতি বছর কোটি কোটি ডলার মূল্যের পণ্য পরিবহন হয়। দীর্ঘদিন ধরে ওয়াশিংটন ও পেইচিংয়ের মধ্যে উত্তেজনা ছড়াচ্ছে এই অঞ্চলটি।
