দুমকিতে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২১, ০২:১৬ পিএম

পটুয়াখালীর দুমকিতে তরুণীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শাহেন শাহ (১৪) নামের এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার সকালে আদালতে সোপর্দ করা হয় কিশোরকে।

জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধে ফাঁসাতে ধর্ষণ চেষ্টার সাজানো মামলাটি দায়ের করা হয়েছে বলে দাবি শাহেন শাহ’র পরিবারের।

থানা-পুলিশ সূত্র জানায়, গত শুক্রবার রাতে তরুণী (২০) প্রকৃতির ডাকে ঘরের বাইরে গেলে জাহাঙ্গীর মৃধার ছেলে শাহেন শাহ ওই তরুণীকে মুখে কাপড় চেপে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ চেষ্টা করে। তরুণী ডাকচিৎকারে বাড়ির লোকজন এসে পড়লে শাহেন শাহ দৌড়ে পালিয়ে যায়। এ ব্যাপারে তরুণীর বাবা বাদী হয়ে দুমকি থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেন।

ওই মামলায় এজাহার নামীয় আসামি শাহেন শাহকে পুলিশ শনিবার সন্ধ্যায় গ্রেপ্তার করে রবিবার সকালে কোর্টে সোপর্দ করেছে।

এদিকে গ্রেপ্তারকৃত কিশোর শাহেন শাহর পরিবারের দাবি, জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে তাদের ঘায়েল করতে সাজানো মামলাটি দায়ের করা হয়েছে।

শাহেন শাহ’র বাবা জাহাঙ্গীর মৃধা অভিযোগ করেন, তরুণীর বাবার সঙ্গে তার জমিজমা নিয়ে পূর্ব বিরোধ আছে। ওই বিরোধের জেরে ফাঁসানোর জন্য তার চেলেকে ধর্ষণ চেষ্টার মামলাটি সাজানো হয়েছে।  

দুমকি থানার অফিসার ইনচার্জ মো. মেহেদি হাসান বলেন, ধর্ষণ চেষ্টার মামলায় গ্রেপ্তারকৃত আসামি শাহেন শাহকে রবিবার সকালে কোর্টে চালান দেয়া হয়েছে। মামলার তদন্ত অব্যাহত আছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত