ওয়েস্ট ইন্ডিজ দলের ডাকে পিএসএল ছাড়লেন গেইল

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ০৪:৫৭ এএম

উইন্ডিজ দলের ডাকে পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ পিএসএল ছেড়ে দেশে ফিরেছেন ক্রিস গেইল। কোয়েটা গ্ল্যাডিয়েটরসের হয়ে মাত্র দুই ম্যাচ খেলেই ক্যারিবীয় দ্বীপে ফিরছেন তিনি। প্রায় দু’বছর পর উইন্ডিজের মেরুন জার্সি গায়ে দেখা যাওয়ার সম্ভাবনা ‘ইউনিভার্সাল বস’-এর।

৪, ৬ ও ৮ মার্চ শ্রীলঙ্কার সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ উইন্ডিজের। ঘরের মাঠের সেই সিরিজের জন্য গেইলকে দলে রাখবে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড। এখনো দল ঘোষণা করা হয়নি। কাইরন পোলার্ডের সেই দলের জন্য ফিটনেস পরীক্ষা দিতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ফিরছেন টি-টোয়েন্টির সবচেয়ে বেশি রানের মালিক। সোমবার রাতে লাহোর কালান্দার্সের বিপক্ষে ম্যাচের পর গেইল বলেছেন, ‘এখন পিএসএল ছেড়ে যাওয়াটা দুঃখজনক। কারণ আমি পুরো মৌসুমটা খেলতে চেয়েছিলাম। আমার ইচ্ছা ছিল পিএসএলে আধিপত্য বিস্তার এবং ভক্ত-সমর্থকদের জন্য আনন্দের কিছু উপহার দেওয়া। তবে আমি লাহোরে টুর্নামেন্টের দ্বিতীয়ভাগে যোগ দেওয়ার ব্যাপারে আশাবাদী। দুটি হার দিয়ে আমরা শুরু করতে চাইনি। এখন মাত্র টুর্নামেন্ট শুরু। আশা করি আমরা নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়ে ঘুরে দাঁড়াব এবং এ দুই ম্যাচ ভুলে নতুন করে শুরু করব।’

দেশের হয়ে সবশেষ ম্যাচ খেলেছিলেন গেইল ২০১৯-এর বিশ্বকাপে ভারতের বিপক্ষে। সেই বছরেরই মার্চে শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন তিনি। ভালো ফর্মেই আছেন তিনি। পিএসএলে দুটি ম্যাচে যথাক্রমে ২৪ বলে ৩৯ ও ৪০ বলে ৬৮ রানের ইনিংস খেলেছেন। ১৫ বছর পর পাকিস্তানের মাটিতে ক্রিকেট খেলছিলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত