জাপা রাজনীতির মাঠে পরগাছা হয়ে থাকবে না : জিএম কাদের

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১১:১৫ পিএম

জাতীয় পার্টি (জাপা) রাজনীতির মাঠে পরগাছা হয়ে থাকবে না বলে মন্তব্য করেছেন পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।

তিনি বলেছেন, গণমানুষের মাঝে জাতীয় পার্টির গ্রহণযোগ্যতা আছে। তাই দেশ ও জনগণের স্বার্থে কথা বলবে জাতীয় পার্টি। কোনো ভয়ভীতির কাছে মাথানত করবে না।

বুধবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে জাতীয় পার্টি চেয়ারম্যানের ৭৩তম জন্মদিন উপলক্ষে আনন্দঘন আয়োজন শেষে এসব কথা বলেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে জিএম কাদের বলেন, দেশ ও মানুষের কথা বলতে যদি অত্যাচার ও নির্যাতন সইতে হয়, সেজন্য প্রস্তুত থাকতে হবে। প্রয়োজনে লাঠি ও গুলির সামনে সাহস নিয়ে দাঁড়াতে হবে। নির্যাতন এলে তা মোকাবিলা করতে প্রস্তুত থাকতে হবে। অস্তিত্বহীন বা শেকড়হীন রাজনৈতিক দলকে কোনো দলই মূল্যায়ন করবে না। রাজনীতিতে পরগাছা বা শেকড়হীন দলকে মানুষ ঘৃণা করে। ঘরে বসে হাতি-ঘোড়া মারার দিন শেষ হয়ে গেছে। এখন রাজনীতির মতো রাজনীতি করবে জাতীয় পার্টি।

তিনি আরও বলেন, ১৯৯১ সালের পর থেকে দেশে সংসদীয় গণতন্ত্রের নামে একনায়কতন্ত্র চলছে। দেশের প্রধান তিনটি স্তম্ভের মধ্যে নির্বাহী বিভাগ, আইন সভা ও বিচার বিভাগের নিন্ম আদালত এক ব্যক্তির হাতে। তাছাড়া উচ্চ আদালতের নিয়োগও রাষ্ট্রপতির মাধ্যমে তার হাতেই। তাই দেশের সব ক্ষমতাই এখন এক ব্যক্তি হাতে, তিনি যাই বলেন তার বাইরে কিছুই হয় না। এটাকে কখনই গণতন্ত্র বলা যায় না। এক ব্যক্তির হাতে ক্ষমতা থাকার কারণে ক্ষমতার অপব্যবহার হচ্ছে, এটাকেই বলে স্বৈরতন্ত্র।

জাতীয় সাংস্কৃতিক পার্টির আহ্বায়ক ও জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদেরের তত্ত্বাবধানে জাতীয় পার্টির চেয়ারম্যানের জন্মদিনে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, মুজিবুল হক চুন্নু, অ্যাডভোকেট সালমা ইসলাম প্রমুখ।

এর আগে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটেন জিএম কাদের। জন্মদিনে উপলক্ষে মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত