করোনাকালে ‘মানবপ্রেমীদের’ সংবর্ধনা পুনাকের

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ০৩:১৭ এএম

করোনায় মৃত ব্যক্তিদের পাশে যখন কেউ ছিলেন না, বাবা-মা ছেড়ে গেছেন সন্তানকে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, সন্তান বাবা-মাকে। তখন অনেকের মতো পাশে দাঁড়িয়েছেন তারা। নিজের পরিবার, নাওয়া-খাওয়া, জীবন-জীবিকা সব ভুলে এগিয়ে এসেছেন মানবতার কল্যাণে। তারা মৃতের গোসল দিয়েছেন, জানাজা পড়িয়েছেন, কবর দিয়েছেন, সৎকার করেছেন। জনকল্যাণ ও সেবার আদর্শে উদ্বুদ্ধ মানবতার এমন মহান ফেরিওয়ালা ও মহৎ হৃদয়বান এ অগ্রণী যোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা জানিয়েছে পুলিশ পরিবারের নারীদের ঐতিহ্যবাহী সংগঠন ‘বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)’।

পুনাক সভানেত্রী জীশান মীর্জার সভাপতিত্বে রাজধানীর রমনায় পুনাক ভবনের সম্মেলন কক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জীশান মীর্জা বলেন, ‘স্বপ্রণোদিত হয়ে যারা করোনায় মৃত ব্যক্তিদের লাশ দাফন ও সৎকার করেছেন তাদের মতো মহৎ ব্যক্তিদের সম্মাননা জানাতে পেরে পুনাক গর্ববোধ করছে। করোনায় যখন সারা পৃথিবী স্থবির হয়ে গিয়েছিল তখন প্রধানমন্ত্রীর নির্দেশে আইজিপি মহোদয়ের দিকনির্দেশনায় সব পুলিশ সদস্য রাস্তায় নেমে এসেছেন। তারা মানবসেবায় ব্রতী হয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। করোনায় দায়িত্ব পালনকালে এ পর্যন্ত পুলিশের ৮৬ জন অকুতোভয় সদস্য জীবন উৎসর্গ করেছেন।’

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রত্যেকের হাতে সম্মাননা স্মারক ও আর্থিক অনুদান তুলে দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত