লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা নির্বাচনে বিএনপি মেয়র প্রার্থীর বাসভবনের সামনে গতকাল শুক্রবার সকালে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় প্রার্থীসহ বিএনপিদলীয় নেতাকর্মীরা তিন ঘণ্টা অবরুদ্ধ থাকেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়। জেলা রিটার্নিং ও নির্বাচনী কর্মকর্তার কাছে এসব অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী এবিএম জিলানী।
প্রার্থী এবিএম জিলানী বলেন, পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের দেনায়েতপুর এলাকার সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের সামনে আমার বাসা ও ব্যবসাপ্রতিষ্ঠান। গতকাল সকালে সাড়ে ১০টার দিকে বাসার সামনের রাস্তায় প্রতিপক্ষের সন্ত্রাসীরা পাঁচ-ছয়টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং নির্বাচনের দিন ভোটকেন্দ্রে না যেতে হুমকি দিয়ে মোটরসাইকেলে মহড়া দেয়। বিষয়টি ফোনে তাৎক্ষণিক রায়পুর নির্বাচন কার্যালয়, পুলিশ ও ম্যাজিস্ট্রেটকে জানানো হয়। পরে সহকারী কমিশনার পুলিশ নিয়ে এসে বিস্ফোরকের আলামত নিয়ে যান।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) আক্তার জাহান সাথী ও রায়পুর থানার ওসি আবদুল জলিল জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে।
আওয়ামী লীগের প্রার্থী গিয়াসউদ্দিন রুবেল ভাট এ ব্যাপারে বলেন, আমাকে হেয় করার জন্য প্রতিপক্ষ এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।
জেলা রিটার্নিং ও নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিমউদ্দিন লিখিত অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করেছেন।
