কারাগারে মুশতাকের মৃত্যুর প্রতিবাদে মিছিল

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ০৫:৪৯ পিএম

কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে শাহবাগে ‘বাংলাদেশের জনগণ’ ব্যানারে খাটিয়া মিছিলে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

শনিবার বিকেল ৪টায় রাজু ভাস্কর্য থেকে মিছিলটি শুরু হয়। শাহবাগ হয়ে মিছিলটি হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের এসে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশের বাধা পেয়ে মিছিলটি আবার ঘুরে শাহবাগে ফিরে আসে।

মিছিলে অংশ নেওয়া লেখক আবু মুস্তাফিজ বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্র না থাকলে রাষ্ট্র হিসেবে আমাদের দেশ ফাংশন করবে না। আমরা বলতে চাই যে, এই দেশে সবারই কথা বলার অধিকার আছে। এখানে স্বৈরশাসন কায়েম করা যাবে না। মুক্তিযুদ্ধের চেতনার নামে কোনো অন্যায়কে জায়েজ করা যাবে না।’

শাহবাগ থানার উপপরিদর্শক মো. রইস উদ্দিন জানান, মিছিলটি নিয়ে আয়োজকরা ফার্মগেট পর্যন্ত যাওয়ার দাবি করেন। কিন্তু এতো দূর যাওয়ার কোনো যৌক্তিকতা নেই বলে পুলিশ তাদের বাধা দিয়েছে।

এ কর্মসূচির আয়োজন করেন শ্মশান ঠাকুর, রাতুল মোহাম্মদসহ বেশ কয়েকজন অ্যাক্টিভিস্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত