‘কনসার্ট ফর বাংলাদেশ’ স্মরণে আনুশকার সেতার

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২১, ০১:৫৫ এএম

অর্ধশতাব্দী আগে একটি মুক্তিকামী জাতির পাশে দাঁড়িয়ে ছিলেন সেই সময়ের বিশ্ব সংগীতাঙ্গনের সেরা মানুষগুলো। ১৯৭১ সালের ১ আগস্ট সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার হয়ে উঠেছিল এক টুকরো বাংলাদেশ। ‘কনসার্ট ফর বাংলাদেশ’ নামের অবিস্মরণীয় সংগীতসন্ধ্যাটি জন্ম নেওয়ার অপেক্ষায় থাকা একটি জাতিরাষ্ট্রকে পরিচয় করিয়ে দিয়েছিল বিশ্বে। বিশ্বখ্যাত সেতার বাদক পণ্ডিত রবিশংকরের উদ্যোগে বাংলাদেশের মানুষকে সহায়তার লক্ষ্যে আয়োজিত ওই অনুষ্ঠানে ৪০ হাজারের বেশি দর্শক-শ্রোতার সামনে গান গেয়েছিলেন জর্জ হ্যারিসনসহ বিখ্যাত সব শিল্পী। স্বাধীন বাংলাদেশে এরপর প্রতি বছরই ওই দিনটি পালিত হয়। 

‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর উদ্যোক্তা পণ্ডিত রবিশংকরের মেয়ে আনুশকা শংকর বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি ও মুজিববর্ষ উপলক্ষে ভিন্নভাবে শ্রদ্ধা জানালেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এই টুইটে গতকাল জানিয়েছেন, আনুশকা লন্ডনের স্বনামধন্য অ্যাবে রোড স্টুডিওতে ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন মিউজিক্যাল রেকর্ডিংয়ের মাধ্যমে।

ব্যক্তিজীবনে আনুশকা একজন সেতার বাদক এবং মিউজিক কম্পোজার। আনুশকা শংকরের জন্ম লন্ডনে। নয় বছর বয়স থেকে তিনি তার বাবার কাছে সেতারের দীক্ষা নিতে শুরু করেন। তের বছর বয়সে প্রথম জনসমক্ষে সেতার পরিবেশন করেন; সেই থেকেই তার যাত্রা শুরু।

আনুশকা শংকর তার সংগীত প্রতিভার জন্য কনিষ্ঠতম ব্যক্তি হিসেবে ১৯৯৮ সালে ব্রিটেনের হাউজ অব কমন্স শিল্ড লাভ করেন। ২০০৩ সালে ইন্ডিয়ান টেলিভিশন অ্যাকাডেমি, আসমি এবং ইন্ডিয়া টাইমস তাকে বছরের সেরা চার নারীর একজন হিসেবে নির্বাচিত করে। ২০০৪ সালে টাইম ম্যাগাজিন এশিয়া এডিশন কর্র্তৃক এশিয়ার ২০ জন সেরা হিরোর একজন হিসেবে নির্বাচিত করে। আনুশকা শংকরই প্রথম ভারতীয় নারী যিনি গ্র্যামি অ্যাওয়ার্ডের ৪৮তম অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত