সাংবাদিক মুজাক্কির হত্যার বিচার দাবিতে ‘শোক চাদরের মিছিল’

আপডেট : ০১ মার্চ ২০২১, ০৩:২৭ পিএম

কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সংবাদ সংগ্রহের দায়িত্ব পালনকালে নিহত সাংবাদিক মুজাক্কির হত্যার প্রতিবাদে ও দোষীদের বিচারের দাবিতে ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছেন নোয়াখালীতে কর্মরত সাংবাদিকরা।

সোমবার সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাবের সামনে থেকে শোক চদরের শব্দহীন মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

৪৫ ফিট লম্বা কালো পতাকার দুই পাশে সারিবদ্ধভাবে গণমাধ্যমকর্মীরা মিছিলে অংশ নিলেও দেয়া হয়নি কোনো স্লোগান।

ব্যতিক্রমী এ প্রতিবাদে ছিলো না কোনো প্ল্যাকার্ড, ব্যানার বা ফেস্টুন, ছিলো না কোনো সাদা কালো বাংলা অক্ষর। এ ছাড়া প্রত্যেক গণমাধ্যকর্মীর হাতে ছিল একটি করে কালো পতাকা।

আয়োজকরা বলেন, ‘আমাদের সহকর্মীকে নির্মমভাবে হত্যার মধ্যদিয়ে আমাদের কলমকে তারা থামিয়ে দিতে চায়, আমার ভাষাকে তারা কেড়ে নিতে চায়। আজ আমাদের কোনো ভাষা নেই। কোনো হরফ নেই। তাই আজ আমরা শব্দহীন, বর্ণমালাহীন প্রতিবাদ হিসেবে কালো কাপড়ের চাদরে ও কালো পতাকায় প্রতিবাদ জানিয়েছি।’ 

জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের উদ্যোগে এ শব্দহীন মিছিলে গণমাধ্যমকর্মী ছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও অংশগ্রহণ করেন।

গণমাধ্যম নেতৃবৃন্দ জানান, বুরহান উদ্দিন মুজ্জাকির হত্যার সঠিক বিচার না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত