ফেইসবুককে ৬৫ কোটি ডলার জরিমানা

আপডেট : ০১ মার্চ ২০২১, ০৭:৩৭ পিএম

ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির জন্য ৬৫ কোটি ডলার জরিমানা দিতে হচ্ছে ফেইসবুককে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, ক্লাস অ্যাকশন মামলায় এই পরিমাণ অর্থে বিষয়টি মীমাংসার চূড়ান্ত অনুমোদন দিয়েছেন মার্কিন ফেডারেল বিচারক। দুই পক্ষের আইনজীবীদের মাধ্যমে আদালতের বাইরেই নির্ধারিত হয়েছে জরিমানার অঙ্ক।

ইলিনয় অঙ্গরাজ্যের ১৬ লাখ বাসিন্দাকে ‘যত দ্রুত সম্ভব’ অর্থ পরিশোধ করতে ফেইসবুককে নির্দেশ দিয়েছেন বিচারক।

২০১৫ সালে কুক কাউন্টি সার্কিট কোর্টে ফেইসবুকের বিরুদ্ধে এই মামলা করেন শিকাগোর আইনজীবী জেই ইডেলসন। মামলায় দাবি ছিল, প্ল্যাটফর্মের ফেসিয়াল রিকগনিশন ট্যাগিংয়ের ব্যবহার ইলিনয় বায়োমেট্রিক ইনফরমেশন প্রাইভেসি অ্যাক্টে অনুমোদিত নয়।

মামলায় আরও দাবি করা হয়, ফেইসবুকের ট্যাগ সাজেশনস টুলের মাধ্যমে ছবিতে গ্রাহকের মুখ স্ক্যান করে ওই গ্রাহক কে হতে পারেন সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়। এর অর্থ হচ্ছে, গ্রাহকের সম্মতি ছাড়া বায়োমেট্রিক ডেটা মজুদ করা হচ্ছিল, যা ইলিনয়ের আইন অমান্য করে।

নরদার্ন ডিসট্রিক্ট অফ ক্যালিফোর্নিয়ার বিচারক জেমস ডোনাটোর আদেশ মতে, মীমাংসার ফলে মামলায় উল্লেখ করা তিন বাদী পাবেন পাঁচ হাজার মার্কিন ডলার করে। আর ক্লাস অ্যাকশনে আওতায় আসা অন্য ভুক্তভোগীরা পাবেন জনপ্রতি ৩৪৫ ডলার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত