ঢাকাসহ সারা দেশে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আপডেট : ০২ মার্চ ২০২১, ০৪:৫৭ এএম

কারাবন্দি লেখক মুশতাক আহমেদের মৃত্যু, নেতাকর্মীদের ওপর হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ঢাবিতে মিছিল ও সমাবেশ করেছে। মিছিল শেষে বিশ^বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব আমানউল্লাহ আমান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে দালালি চলবে না। শিক্ষার্থীদের টিএসসি থেকে তুলে  নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন হাতে চুড়ি পরেছে। এই ধরনের দালালি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলবে না।

এর আগে টিএসসির সামনে থেকে বেলা আড়াইটায় বিক্ষোভ মিছিল করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ১৫ থেকে ২০ জন নেতাকর্মী। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ও রাজু ভাস্কর্যের সামনে দিয়ে জনতা ব্যাংকের এটিএম বুথের সামনে গিয়ে শেষ হয়। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন। কর্মসূচির ব্যানারে লেখা ছিল, ‘কারাগারে লেখক মুশতাক আহমেদের হত্যার প্রতিবাদে ছাত্রদলের ডাকা বিক্ষোভ সমাবেশে বাকশালি পুলিশের নগ্ন হামলার প্রতিবাদে ও টিএসসি থেকে নজিরবিহীন সীমালংঘন করে তিন নেতাকর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল’। ছাত্রদলের এই কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা সোহেল রানা, মানসুরা আলম, মিনহাজ আহমেদ প্রমুখ।

কর্মসূচির অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুপক্ষ গতকাল সোমবার বিক্ষোভ মিছিল বের করে। গতকাল সোমবার দুপুর ১২টায় এবং দুপুর ২টায় পুরান ঢাকার রায়সাহেব বাজার ও জজকোর্ট এলাকায় ছাত্রদলের দুটি পক্ষ আলাদা বিক্ষোভ মিছিল করে।

দুপুর ১২টায় এক পক্ষের মিছিল রায়সাহেব বাজার মোড় থেকে শুরু হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে আসতে চাইলে পুলিশের ধাওয়া খেয়ে মিছিলটি পন্ড হয়ে যায়। বিক্ষোভ মিছিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক পদপ্রার্থী আবিদ কামাল রুবেল এবং মেহেদী হাসান হিমেল নেতৃত্ব দেন।

পরে দুপুর ২টায় ছাত্রদলের অপর একটি গ্রুপ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক সুজন মোল্লা, মিলাদ ভুঁইয়ার নেতৃত্বে জজকোর্ট এলাকায় বিক্ষোভ মিছিল  বের করেন।

এ ছাড়া রাজধানীর সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ ছাত্রদল বিক্ষোভ মিছিল করে।

এছাড়া ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোক্তাদির হোসেন তরুর নেতৃত্বে দুপুর ১টায় ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের’ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি মালিবাগ রেলগেট থেকে শুরু হয়ে খিলগাঁও আবুল হোটেলের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন  বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোক্তাদির হোসেন তরু, সিনিয়র সহ-সভাপতি মো. বায়েজীদ প্রধানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত