নয়া এমডির সংবাদ সম্মেলন

বিমানের কোনো অঙ্গে ক্যানসার হলে তা ফেলে দিতে কুণ্ঠাবোধ করব না

আপডেট : ০২ মার্চ ২০২১, ০৫:০৯ এএম

শিডিউল রক্ষা করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও ড. আবু সালেহ মোস্তফা কামাল বলেছেন, সবাইকে নিয়ে সুন্দরভাবে কাজ করতে চাই। কিন্তু তারপরও যদি কখনো দেখি  কোনো অঙ্গে ক্যানসার হয়েছে, সেই অঙ্গ ফেলে দিলে বাকি অঙ্গগুলো ঠিকমতো কাজ করবে, সেক্ষেত্রে আক্রান্ত অঙ্গ ফেলে দিতে কুণ্ঠাবোধ করব না। গতকাল সোমবার বিকেলে কুর্মিটোলায় বিমান বাংলাদেশের প্রধান কার্যালয় বলাকায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইনসটির এমডি। 

ড. আবু সালেহ মোস্তফা কামাল বলেন, দায়িত্ব নিয়েই আমি বিমানের সবার সঙ্গে বসেছি। আমি সবাইকে বলি আমি যদি নির্মোহ থাকি, যদি নির্লোভ থাকি তাহলেই বিমানে নির্ভয়ে কাজ করতে পারব। এই শব্দগুলোর শুদ্ধি অভিযান পরিচালনার সঙ্গে যোগসূত্র আছে।

প্রথম কোন কাজটিকে চ্যালেঞ্জ মনে করছেন সাংবাদিকদের এ প্রশ্নে তিনি বলেন, আমার প্রথম দায়িত্ব ও স্বপ্ন বিমানের শিডিউল ঠিক রাখা। এটি আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তার সঙ্গে কভিড সিচ্যুয়েশন আছে, অন্যান্য পরিবহন  সেক্টর আছে। তবে আমার আছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শিডিউল।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনায় বিমানকে এগিয়ে নিয়ে যেতে হবে। এ নিয়ে কাজ চলছে। আপনাদের সামনে সেটা অবশ্যই উপস্থাপন করব। ক্রু-পাইলটদের বেতন বর্তমানে কমানো হয়েছে, তা আবার কবে আগের পর্যায়ে নেওয়া হবে, এ বিষয়ে এক প্রশ্নের জবাবে এমডি বলেন, বৈশ্বিক পরিস্থিতি, আর্থিক অবস্থাসহ সবকিছু মিলে যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখনই এ বিষয়ে পর্ষদ আবার সিদ্ধান্ত নেবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত