ভিডিও কনফারেন্সে কাদের

সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান দন্ডিতকে দিয়ে উদ্বোধন করেছে বিএনপি

আপডেট : ০৩ মার্চ ২০২১, ০২:১৪ এএম

বিএনপির দুর্নীতির মামলায় দন্ডিত এক আসামিকে দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানের উদ্বোধন মুক্তিযুদ্ধের প্রতি অসম্মান প্রদর্শন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল মঙ্গলবার চট্টগ্রামে চট্টগ্রাম-বোয়ালমারী রুটে বিআরটিসির দোতলা বাস সার্ভিস উদ্বোধন করার সময় এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

ওবায়দুল কাদের বলেন, মহান মুক্তিযুদ্ধের মতো দেশের সর্বশ্রেষ্ঠ অর্জন ‘সুবর্ণজয়ন্তী’ একজন পলাতক আসামি দিয়ে উদ্বোধন করায় দেশবাসী বিস্মিত হয়েছে। দলে অনেক সিনিয়র নেতা ও মুক্তিযোদ্ধা থাকতে টেমস নদীর পাড় থেকে অনুষ্ঠান উদ্বোধন স্বাধীনতার প্রতি বিএনপির কমিটমেন্ট নিয়েই জনগণ এখন প্রশ্ন তুলছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি স্বাধীনতার ইতিহাসকে বিকৃতির মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধকে ভুলুণ্ঠিত করেছে। বিএনপি উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীকে দেশে রাজনীতি করার সুযোগ করে দিয়ে কোন চেতনা বাস্তবায়ন করতে চায়? বিএনপির মুখে স্বাধীনতার চেতনা ভূতের মুখে রাম রাম ধ্বনির মতোই।

তিনি বলেন, বিএনপি নাকি দেশে গণতন্ত্র খুঁজে পায় না। তারা যখন নির্বাচনে জিতে তখন এক কথা বলে, আর পরাজিত হলে বলে আরেক কথা। জনগণ ভোট না দিলেও তাদেরকে জোর করে জিতিয়ে তবেই প্রমাণ করতে হবে দেশে গণতন্ত্র আছে?

ওবায়দুল কাদের বলেন, সন্ত্রাস নির্ভরতায় বিএনপির আন্দোলনে মানুষ এখন আর সাড়া দেয় না বরং মানুষ আতঙ্কগ্রস্ত হয় তাদের আন্দোলনের কথা শুনলে। বিএনপির ভোট কেন কমে গেছে? এর দায় নির্বাচন কমিশনের নয়। তারা তাদের ব্যর্থতার দায় অন্যদের ওপর চাপাতে সব সময় সিদ্ধহস্ত।

তিনি বলেন, দেশে গাড়ি চালনায় নারীদের আগ্রহ বাড়ছে। তাই নারীদের প্রশিক্ষণের ব্যপারে গুরুত্ব দেওয়া উচিত। চট্টগ্রামসহ পুরো দেশে বাস পরিচালনার জন্য নতুন রুট চিহ্নিত করে রুট সম্প্রসারণ করতে হবে। অনুষ্ঠানে চট্টগ্রামের বোয়ালখালী প্রান্তে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং বিআরটিসির চেয়ারম্যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত