খেলার ছলে অটোরিকশা চালাতে গিয়ে প্রাণ হারাল শিশু

আপডেট : ০৪ মার্চ ২০২১, ০৭:১৪ পিএম

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় সিফাত (৭) ও আরিয়ান হোসেন (৬) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার সুবিল ইউনিয়নের রাঘবপুর গ্রামের লোহারপুল এলাকায় খেলার ছলে ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) চালাতে গিয়ে সিফাত এবং দুপুরে কুমিল্লায় সিলেট মহাসড়কের লক্ষ্মীপুরে বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আরিয়ান হোসেনের মৃত্যু হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার লোহারপুল এলাকায় চালক তার ইজিবাইকটি রেখে পাশ্ববর্তী দোকানে চা খেতে যান। এ সময় গাড়ির চালককে ফাঁকি দিয়ে ওই শিশু খেলার ছলে ইজিবাইকটি দ্রুত গতিতে চালাতে শুরু করে। শিশুটি ভয় পেয়ে চিৎকার শুরু করলে তার নানী দৌঁড়ে এসে ইজিবাইকটি থামানোর চেষ্টা করে। কিন্তু ইজিবাইকটির গতি বেশি থাকায় শিশুটি দুজন যাত্রী ও তার নানীসহ পাশ্বর্তী খালে পড়ে যায়। দুর্ঘটনায় শিশুটি ঘটনাস্থলে মারা যায় এবং তার নানী গুরুতর আহত হন। নানী পারভীন আক্তারকে প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

নিহত শিশু সিফাত ব্রাহ্মণপাড়া উপজেলার অলুয়া গ্রামের মো. ইমন মিয়ার ছেলে। সে নানা মো. সফিক মিয়ার রাঘবপুর গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিল।

এদিকে দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের লক্ষ্মীপুরে প্রান্তিক পরিবহনের একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আরিয়ান হোসেন এবং তার বাবা আক্তার হোসেন গুরুত আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আরিয়ান হোসেনকে মৃত ঘোষণা করেন। তারা উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের চরবাকর গ্রামের বাসিন্দা।

দেবিদ্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দিন জানান, উপজেলার লোহারপুল এলাকার দুর্ঘটনার বিষয়ে কেউ অভিযোগ করেনি। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আর দ্বিতীয় দুর্ঘটনার বাসটি আটক করে মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত