নোয়াখালী ‘চালানোর অনুমতি’ পেয়েছেন একরামুল করিম চৌধুরী

আপডেট : ০৫ মার্চ ২০২১, ০৭:০৭ পিএম

দলীয় সভাপতির কাছ থেকে নোয়াখালী জেলা আওয়ামী লীগ ‘পরিচালনার অনুমতি’ পেয়েছেন বলে দাবি করেছেন একরামুল করিম চৌধুরী।

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরী শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এমন দাবি করেন।

তিনি বলেন, ‘সারা নোয়াখালীতে আমার জনপ্রিয়তা দেখে ওবায়দুল কাদের ভাইয়ের ভাই মির্জা কাদের সারা দিনরাত বক বক করছিল। সে প্রথম আমাকে দিয়ে শুরু করেছে। যেতে যেতে তার ভাবি এবং ওবায়দুল কাদেরসহ বাংলাদেশের কোনো নেতা বাদ নেই। শেষ পর্যন্ত নেত্রীকে নিয়েও বলেছে। সে পাগলকে সামলাতে গিয়ে কারণবশত, কারো কারো সঙ্গে টেলিফোনে কথা হতেই পারে।’

তিনি বলেন, ‘‘গত ছয় দিন আমি ঢাকাতে ছিলাম। আমি নেত্রীকে কতগুলো ম্যাসেজ পাঠিয়েছি উনি ম্যাসেজগুলো দেখছেন। নেত্রীর সঙ্গে যিনি সব সময় থাকেন। তিনি আমাকে বললেন, ‘নেত্রী আপনাকে এত ভালো জানেন। আপনি কেন ঢাকায় ঘুরছেন?’ এ সময় আমি ‘আমাদের কমিটিটা দরকার বলে জানাই’। এরপর উনি বলেন ‘নোয়াখালী চালায় কে? এবার আমি বললাম ‘নোয়াখালী চালাই আমি।’ নেত্রী কি আপনাকে না চালাতে বলছে? আমি বলি ‘না।’ নেত্রী জানে যে আপনিই চালাবেন নোয়াখালী। আপনি গিয়ে নোয়াখালী চালাতে থাকেন।’’

এ সময় তিনি বলেন, ‘বিএনপি যেহেতু ভোটে আসবে না, যারা অর্থের বিনিময়ে নমিনেশনের আশা করছেন, এদিক-ওদিক যদি নৌকা চলেও যায়, আমি কিন্তু বেঠিক লোককে আমার জনগণকে ভোট দিতে দেব না। আমি সত্যের পক্ষে থাকব। সত্যেও কথা বলব।’

‘খারাপ লোক অর্থের বিনিময়ে নমিনেশন পাবে, তাকে ভোট দেবে এ রকম কোন দরকার নেই। যারা সঠিক লোক তাদের পক্ষে আমার অবস্থান থাকবে’।

তিনি বলেন, ‘কারা মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেছিল এটা মানুষ ভুলে যায়নি। দুর্ব্যবহারকারীদের ভোট দিক, এটা এমপি হিসেবে আমি হতে দিতে পারি না। আমাদের দরকার জনগণের চেয়ারম্যান। আমাদের দরকার যে জনগণের পাশে থেকে আওয়ামী লীগকে সুসংগঠিত করতে পারবে, আওয়ামী লীগের নেতাকর্মীকে আপন করে নিতে পারবে’।

এ সময় আরো উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক, চর আমান উল্যাহ ইউপি চেয়ারম্যান অধ্যাপক বেলায়েত হোসেন, চর ক্লার্ক ইউপি চেয়ারম্যান আবুল বাসার আজাদ, সুবর্ণচর উপজেলা যুবলীগের আহ্বায়ক আমিরুল ইসলাম রাজীব, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক  আবদুল্লাহ আল মামুন জাবেদ প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত