মোংলায় ডুবে যাওয়া কার্গো উদ্ধারের কাজ ৬ দিনেও শুরু হয়নি

আপডেট : ০৫ মার্চ ২০২১, ১১:২৭ পিএম

বাগেরহাটের মোংলা বন্দরের পশুর চ্যানেলে কয়লাবোঝাই কার্গো ডুবে যাওয়ার ছয় দিনেও উদ্ধারকাজ শুরু হয়নি। ৭০০ মেট্রিক টন কয়লা নিয়ে গত শনিবার রাত ১১টার দিকে পশুর চ্যানেলের কানাইনগর এলাকায় তলা ফেলে ডুবে যায় কার্গোটি। দুর্ঘটনার পর ছয় দিন পেরিয়ে গেলেও কার্গোটির ভেতরে থাকা কয়লা অপসারণ ও জাহাজ উদ্ধারকাজ শুরু করতে পারেনি মালিকপক্ষ।

তবে মালিকপক্ষ বলছে প্রাথমিক পর্যায়ে ডুবে যাওয়া কার্গোর ভেতর থেকে কয়লা খালাস করতে হবে, পরে খালি হলে জাহাজটি তোলা হবে। কয়লা খালাস করার জন্য একটি ক্রেন আনা হলেও সেটি কম ক্ষমতাসম্পন্ন হওয়ায় এখন বেশি ক্ষমতার ক্রেন আনা হচ্ছে। এ কারণে কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে। তবে কবে নাগাদ কাজ শুরু করতে পারবেন তা নিশ্চিত করতে পারেনি মালিকপক্ষের প্রতিনিধি ডুবে যাওয়া কার্গোর মাস্টার ওসমান আলী।

কার্গোটি উদ্ধারে বন্দর কর্তৃপক্ষের নির্দেশনার বিষয়ে জানতে হারবার মাস্টার কমান্ডার ফখরউদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে। গত ২৭ ফেব্রুয়ারি তলা ফেটে কার্গোটি ডুবে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত