রাঙ্গুনিয়ায় তথ্যমন্ত্রী

তরুণদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে হবে

আপডেট : ০৬ মার্চ ২০২১, ০২:০৫ এএম

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, তরুণ প্রজন্ম সুস্থ বিনোদন ও ক্রীড়াচর্চার অভাবে সোশ্যাল মিডিয়ায় আসক্ত হয়ে পড়েছে। এতে করে তাদের শারীরিক ও মানসিক বৃদ্ধির ব্যাঘাত ঘটছে। তাদের পড়ালেখা ও  সামাজিক জীবনে এর বিরূপ প্রভাব পড়ছে। তাই তরুণদের মানসিক বৃদ্ধি ও সোশ্যাল মিডিয়ার আসক্তি দূর করতে সামাজিক কর্মকান্ড ও ক্রীড়াচর্চায় বেশি সম্পৃক্ত করতে হবে। তাদের মধ্যে সামাজিকতা ও দেশপ্রেম জাগ্রত করতে হবে।

গতকাল শুক্রবার বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা রাঙ্গুনিয়া শাখার উদ্যোগে পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, ‘বর্তমান সরকার খেলাধুলাবান্ধব। বর্তমান প্রধানমন্ত্রী খেলাধুলা ভালোবাসেন। বঙ্গবন্ধু কন্যার হাত ধরে বাংলাদেশ ক্রিকেটে টেস্ট স্ট্যাটাস লাভ করেছে। বাংলাদেশের মেয়েরা ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। যুবারা চ্যাম্পিয়ন হয়েছে। মাঝখানে কিছুটা ঝিমিয়ে পড়লে সরকারের বিভিন্ন কার্যক্রম গ্রহণের কারণে ফুটবলে অতীত গৌরব ফিরে এসেছে।’ ছোটবেলার স্মৃতি উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘একসময়ের একমাত্র খেলা ফুটবলে আবার গণজোয়ার সৃষ্টি হয়েছে।’

তথ্যমন্ত্রীর পিতা মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সংগঠক অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদারের নামে এ টুর্নামেন্ট আয়োজন করায় মন্ত্রী আয়োজকদের ধন্যবাদ ও অভিনন্দন জানান। এসময় তিনি এ টুর্নামেন্ট প্রতি বছর আয়োজন করতে পরিবারের  পক্ষ থেকে সকল সহযোগিতার আশ্বাস দেন।

খেলা শেষে মন্ত্রী বিজয়ী দলকে ট্রফি প্রদান করেন। চ্যাম্পিয়ন দল ৫০ হাজার টাকা এবং রানার্স আপ দল ৩০ হাজার টাকার প্রাইজমানি লাভ করে। অনুষ্ঠানে রাঙ্গুনিয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র শাহজাহান সিকদারকে সংবর্ধনা দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত