নেত্রকোনার সীমান্ত এলাকায় তিনটি অভিযানে ভারতীয় চাল, চিনি ও অ্যাংকর বুট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব পণ্যের বাজার আনুমানিক মূল্য আট লাখ ৯২ হাজার টাকা হবে বলে প্রাথমিকভাবে ধারণা করছে বিজিবি।
শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া।
প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত ৫ মার্চ দুপুরে জেলার সীমান্ত উপজেলা কলমাকান্দার খারনৈই ইউনিয়নে বিজিবির কচুগড়া বিওপি’র (বর্ডার অভজারবেশন পোস্ট) আওতাও সীমান্ত কচুগড়া এলাকায় ৩০০ গজ দেশের অভ্যন্তরে এক অভিযানে ভারতীয় তিন হাজার ৯০০ কেজি চাল ও ৩৫০ কেজি চিনি জব্দ করেছে।
এছাড়াও গত ৩ মার্চ একই বিওপি’র আওতায় আরও দুটি অভিযানে সীমান্ত পিলার ১১৮০/৪-এস হতে ৩০০ গজ দেশের অভ্যন্তর পাতলাবন এলাকা এবং ১১৭৯/১১-এস হতে ১৫০ গজ অভ্যন্তরে বেনবেড়া নামক স্থান হতে ১৩ হাজার ৪৫০ কেজি ভারতীয় অ্যাংকর বুট উদ্ধার হয়।
বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায় এবং এ সকল জব্দকৃত চোরাচালানি মালামাল নেত্রকোনা কাস্টমস অফিসে জমা করা হবে বলে ওই প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা গেছে।
