তিনি এখনো আমার নায়ক: গাভাস্কারকে নিয়ে শচিন

আপডেট : ০৬ মার্চ ২০২১, ১০:৫৫ পিএম

টেস্ট ক্রিকেটে পদার্পণের ৫০ বছর পূর্তি হলো ভারতীয় কিংবদন্তি সুনিল গাভাস্কারের। এ উপলক্ষে গাভাস্কারকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের আরেক কিংবদন্তি শচিন টেন্ডুলকার। বলেছেন, এখনো তার নায়ক গাভাস্কার।

১৯৭১ সালের আজকের দিনেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় গাভাস্কারের।

এরপর ভারতের হয়ে ১২৫ টেস্টে ১০১২২ রান এবং ১০৮টি ওয়ানডেতে ৩০৯২ রান করেছেন ৭১ বছর বয়সী গাভাস্কার। টেস্টে ৩৪টি সেঞ্চুরি ও ৪৫টি হাফ-সেঞ্চুরি রয়েছে তার। ওয়ানডেতে ১টি সেঞ্চুরির সঙ্গে হাফ-সেঞ্চুরি ২৭টি।

কিংবদন্তিকে এদিন টুইট করে শুভেচ্ছা জানান শচিন। লিখেছেন, ‘৫০ বছর আগে এই দিনটিতে, ঝড়ের মতো বিশ্ব ক্রিকেটে তার আবির্ভাব ঘটেছিল। অভিষেক সিরিজেই তিনি ৭৭৪ রান করেছিলেন এবং আমাদের মতো উদীয়মান ক্রিকেটারদের প্রত্যকের কাছেই তিনি ছিলেন একজন নায়ক।’

‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই সিরিজ জিতেছিল ভারত, তারপর ইংল্যান্ডে। আর তখন থেকেই ভারতের ক্রিকেটে এক নতুন উপাখ্যানের জন্ম হতে শুরু করেছিল।’

শচিন আরো লিখেন, ‘একজন ছোট ছেলে হিসেবে, আমি জানতাম আমার একজনকে অনুসরণ করতে হবে এবং তার মতো হওয়ার চেষ্টা করতে হবে। এটি কখনো বদলায়নি। তিনি এখনো আমার নায়ক হিসেবেই রয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণে ৫০ বছরের শুভেচ্ছা, মি. গাভাস্কার। ১৯৭১ সালে দলের প্রত্যেক সদস্যকেই ৫০তম বার্ষিকীর শুভেচ্ছা। আপনারা সবাই আমাদের গর্বিত করেছেন এবং আমাদের আলো দেখিয়েছেন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত