ন্যূনতম মজুরি বৃদ্ধিতে চ্যালেঞ্জের মুখে বাইডেন

আপডেট : ০৬ মার্চ ২০২১, ১১:০৭ পিএম

যুক্তরাষ্ট্রের কর্মজীবীদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৫ ডলার করার প্রস্তাবে প্রেসিডেন্ট জো বাইডেন নিজ দলের আইনপ্রণেতাদের সমর্থন পাচ্ছেন না বলে জানিয়েছে সিএনএন। এই প্রস্তাবের বিপক্ষে সিনেটে ডেমোক্রেটিক দলের আটজন সদস্য অবস্থান নিয়েছেন। ওই আট সিনেটর হলেন জো মানচিন, ক্রিস্টিন সাইনেমা, জেইন শাহিন, ম্যাগি হ্যাসান, জন টেস্টার, টম কার্পার, ক্রিস কুনস ও অ্যাঙ্গুস কিং।

নির্বাচনী প্রচারের সময় থেকেই কর্মজীবীদের ন্যূনতম মজুরি বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়ে আসছেন প্রেসিডেন্ট বাইডেন। ডেমোক্রেটিক  দলের উদারনৈতিক পক্ষ এ নিয়ে বেশি প্রচার চালিয়েছে।

কংগ্রেসের সাম্প্রতিক বাজেট বিশ্লেষণে দেখানো হয়েছে, ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৫ ডলার করা হলে আগামী ১২ বছরে সমন্বিত বাজেট ঘাটতি ৫৩ ট্রিলিয়নে দাঁড়াবে। এমন ঘাটতির আশঙ্কায় রিপাবলিকান দল ফেডারেল আইন করে মজুরি বৃদ্ধির বিপক্ষে প্রচার চালিয়ে আসছে।

প্রেসিডেন্ট বাইডেন ক্ষমতায় আসার পরই তার ‘আমেরিকা পুনরুদ্ধার’ প্রণোদনা প্রস্তাবে ২০২৫ সালের মধ্যে ক্রমান্বয়ে ন্যূনতম মজুরি ১৫ ডলার করার বিষয়টি সামনের দিকে রেখেছেন।

গতকাল শনিবার সিনেটে ন্যূনতম মজুরি বৃদ্ধির প্রস্তাবটি ৫৮-৪২ ভোটে প্রত্যাখ্যান করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত