কমনওয়েলথভুক্ত দেশগুলোর জন্য অনুপ্রেরণাদায়ী নারী নেতাদের তালিকায় এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনাভাইরাস মহামারী সাফল্যের সঙ্গে মোকাবিলার স্বীকৃতি হিসেবে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন, বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোতলির সঙ্গে উঠে এসেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম।
৫৪ দেশের জোট কমনওয়েলথের প্রধান প্যাট্রেসিয়া আন্তর্জাতিক নারী দিবস সামনে রেখে গত বৃহস্পতিবার নিজের টুইটারে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কমনওয়েলথের একটি বিশেষ ঘোষণায় এই তিন নারী প্রধানমন্ত্রীকে তাদের সাফল্যের স্বীকৃতি দেন। গত শুক্রবার লন্ডনের বাংলাদেশ হাইকমিশন থেকে দেওয়া বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
কমনওয়েলথ মহাসচিব বলেন, ‘আমি সবসময়ই অনেক নারী ও মেয়েদের দেখে অনুপ্রাণিত হই, আর এবার আমাদের কমনওয়েলথে তিনজন অসাধারণ নেতার নাম নিতে চাই, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন, বারবাডোজের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোতলি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নিজ নিজ দেশে কভিড-১৯ মহামারীর সময় তাদের নেতৃত্বের জন্য।’
প্যাট্রিসিয়া বলেন, ‘আরও অনেক নারীর মতো এই তিন নেতাও তাকে আশার আলো দেখান এমন একটি পৃথিবীর জন্য যা নারী-পুরুষ সবার সম্মিলিত সুন্দর ভবিষ্যৎ এবং স্বার্থ নিশ্চিত করতে পারে।’ শেখ হাসিনা টানা তৃতীয় মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। করোনাভাইরাস মোকাবিলায় তার নেওয়া পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হচ্ছে।
বাংলাদেশে করোনা শনাক্তের এক মাস পরেই গত বছরের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রভিত্তিক অর্থ-বাণিজ্য বিষয়ক সাময়িকী ‘ফোর্বস’-এ প্রকাশিত এক নিবন্ধে করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদক্ষেপের প্রশংসা উঠে এসেছে।
এ ছাড়া চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ সফলভাবে নিয়ন্ত্রণ করায়, প্রশংসা করে চিঠি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যেখানে এই অতিমারী মোকাবিলায় নেতৃত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকাকে বিশেষভাবে সাধুবাদ জানানো হয়েছে। করোনা সংক্রমণ প্রতিরোধের মতো ভ্যাকসিন দেওয়ার কর্মসূচিতেও বাংলাদেশ ভালো করবে বলে আশাবাদ জানিয়ে সার্বিক সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছিল সংস্থাটি।
গত ফেব্রুয়ারি মাসে মহামারী করোনার কারণে সৃষ্ট স্বাস্থ্যগত ও আর্থ-সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, কোনো ঝুঁকি নিরসনের বৈশ্বিক নেতৃত্বে বাংলাদেশ সবসময়েই শীর্ষস্থানীয়। তাই করোনা মহামারী মোকাবিলায় বাংলাদেশের এ ধরনের সাফল্য দেখে আমি মোটেও অবাক হইনি।
এ মাসেই বাংলাদেশের আর্থসামাজিক ক্ষেত্রে অসাধারণ উন্নয়ন, বিশেষ করে করোনা মহামারী পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন দ্য বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেকটোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন (বিমসটেক) বিমসটেক মহাসচিব। বিশেষ করে করোনা মহামারী পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন বিমসটেক মহাসচিব
